১৬ জুন, ২০২৬ ০৩:০৮ পিএম

শেবাচিমে নবীন শিক্ষার্থীদের বিনামূল্যে বোনস সেট বিতরণ

শেবাচিমে নবীন শিক্ষার্থীদের বিনামূল্যে বোনস সেট বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) ৫৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বোনস সেট বিতরণের মাধ্যমে দ্বিতীয় বছরের কার্যক্রম শুরু করেছে এসবিএমসি বোনস ব্যাংক।

রোববার (১৪ জুন) কলেজের এক নম্বর লেকচার গ্যালারিতে (প্রণব গ্যালারি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৭০ জন শিক্ষার্থীর জন্য ৩০ সেট বোনস বিতরণ করা হয়েছে।

আয়োজকরা জানান, শেবাচিমের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত এসবিএমসি বোনস ব্যাংক নবাগত শিক্ষার্থীদের এনাটমি শিক্ষার প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য করতে কাজ করছে। দ্বিতীয় বছরের কার্যক্রমের প্রথম ধাপ হিসেবে নবাগত শিক্ষার্থীদের মধ্যে বোনস বিতরণ করা হয়েছে। প্রতিবছর কয়েকটি ধাপে এ কার্যক্রম পরিচালিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে সহায়তা করা এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সহজলভ্য করার লক্ষ্য নিয়ে কাজ করছে বোনস ব্যাংক।

শেবাচিমসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দান করা বোনস এবং শুভানুধ্যায়ীদের আর্থিক সহযোগিতার মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বোনস ব্যাংক সূত্রে জানা যায়, প্রতিটি বোনস সেট দুই থেকে তিনজন শিক্ষার্থী যৌথভাবে ব্যবহার করবে। বোনস গ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ হাজার টাকা জামানত নেওয়া হয়েছে, যা নির্ধারিত সময় শেষে বোনস ফেরত দিলে ফেরত দেওয়া হবে।

তারা আরও বলেন, মানব কঙ্কাল কেনাবেচার প্রচলিত ব্যবস্থা নৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ। অতীতে ক্যাম্পাসে বোনস ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত সংস্কৃতি গড়ে উঠেছিল, বোনস ব্যাংকের মাধ্যমে তা নিরুৎসাহিত করার চেষ্টা চলছে। পাশাপাশি মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গকে পণ্য হিসেবে ব্যবহারের পরিবর্তে সংরক্ষণ, দায়িত্বশীল ব্যবহার এবং পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তরের একটি টেকসই ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় আয়োজকরা শিক্ষার্থীদের সহযোগিতার আশা ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীদের অব্যাহত সহযোগিতা থাকলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

প্রসঙ্গত, নবাগত শিক্ষার্থীদের বোনস সংগ্রহে আর্থিক চাপ কমানো, বোনস ক্রয়-বিক্রয়ের অনাকাঙ্ক্ষিত সংস্কৃতি নিরুৎসাহিত করা এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গত বছর এসবিএমসি বোনস ব্যাংকের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই উদ্যোগটি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে শের-ই-বাংলা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. চন্দনা সরকার উপস্থিত ছিলেন। এ ছাড়া ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক ডা. তৌহিদুল ইসলাম সিয়াম, বোনস ব্যাংকের পরিচালক ও ৫২তম ব্যাচের শিক্ষার্থী জুবাইর আহমেদসহ সংগঠনের অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এনএইচ/এমআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত