২৪ জুন, ২০২৫ ০৬:৪৫ পিএম

ক্লাস বর্জনের সিদ্ধান্তে অটল ঢামেক শিক্ষার্থীরা

ক্লাস বর্জনের সিদ্ধান্তে অটল ঢামেক শিক্ষার্থীরা
ঢাকা মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নিরাপদ আবাসন ও নতুন হল নির্মাণের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৪ জুন) কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলমের সঙ্গে বৈঠক শেষে আশানুরূপ সমাধান না মেলায় এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিকেলে এক সংবাদ বিবৃতিতে শিক্ষার্থীরা এ তথ্য জানান। ঢাকা মেডিকেল কলেজের কে-৮০ ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল আবেদীন তানভীর মেডিভয়েসকে বিবৃতির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার (২৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল। আজ শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর আন্দোলন নিয়ে সিদ্ধান্ত নিবেন বলেও সে সময়ে জানিয়েছিলেন তারা।

বিবৃতিতে বলা হয়, ‘নিরাপদ বিকল্প আবাসন এবং নতুন হল নির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলনে দাবি আদায়ের লক্ষ্যে গতকাল মন্ত্রণালয়ের সাথে শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান সেই মিটিংয়ে আমাদের জানান, সরকারি মেডিকেল কলেজের জন্য ১৯টি হল নির্মাণের যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজের জন্যে দুটি হলের বাজেটের সমপরিমাণ অর্থ বরাদ্দ রাখা হবে। জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য একনেক সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনায় মধ্যে ঢাকা মেডিকেল কলেজের হল নির্মাণের ব্যাপারটি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আমাদের গতকালের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে আমরা মনে করি।’

এতে বলা হয়, ‘গতকালের মিটিংয়ের পর আমাদের পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করতে আজ আমরা অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সাথে বৈঠক করি। ইতোমধ্যে হল কর্তৃপক্ষ গণপূর্ত বিভাগঘোষিত পরিত্যক্ত চতুর্থ তলা সম্পূর্ণভাবে খালি করে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ রুমগুলোতে কে-৭৮ থেকে কে-৮১ পর্যন্ত ব্যাচগুলোর এলোটমেন্ট দিয়েছে। কিন্তু কে-৮২ ব্যাচের আবাসন ব্যবস্থা এখনও অনিশ্চয়তার সম্মুখীন। আজ বৈঠকে আমরা কর্তৃপক্ষকে কে-৮২ ব্যাচের আবাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন করলে অধ্যক্ষ ব্যবস্থা করবেন বলে আশ্বাস ব্যক্ত করলেও সুস্পষ্ট কোনো সমাধান দিতে পারেননি। তাই আমরা ক্লাসে না ফেরার সিদ্ধান্ত বহাল রাখছি।’

‘কিন্তু একইসাথে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি যে, শীঘ্রই কর্তৃপক্ষ কে-৮২ এর আবাসনের জন্যে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করবে এবং তার প্রেক্ষিতে আমরা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যাব’—যোগ করেন শিক্ষার্থীরা।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত