রমেক হাসপাতালে ধনুষ্টঙ্কারের উপসর্গ শনাক্ত, আইসিইউ বন্ধ
মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) অস্ত্রোপচার সংক্রান্ত জটিলতা নিয়ে আসা এক রোগীর শরীরে ধনুষ্টঙ্কারের (টিটেনাস) উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (২৩ জুন) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় এ উপসর্গ দেখা দিলে তাকে দ্রুত আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইসিইউতে থাকা অন্য রোগীদেরকে বিকল্প স্থানে স্থানান্তর করে এই আইসিইউটি বন্ধ করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একজন সন্দেহভাজন রোগী পেয়েছি, যার ধনুষ্টঙ্কার হয়েছে কি না—তা তখনো নিশ্চিত নয়। ওই রোগী একটি সার্জিক্যাল কেস নিয়ে এসেছিলেন। তার শরীরে ধনুষ্টঙ্কারের জীবাণু শনাক্ত হওয়ার পরই তাকে আলাদা করে ফেলা হয়েছে। পরে তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। যেহেতু ধনুষ্টঙ্কার সার্জিক্যাল ক্ষতের (সার্জিক্যাল ওয়ান্ড) মাধ্যমে ছড়াতে পারে—এমন আশঙ্কা থাকে, তাই আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইসিইউতে থাকা অন্য রোগীদেরকে বিকল্প আইসিইউতে স্থানান্তর করেছি।
তিনি আরো বলেন, ‘আজ (২৪ জুন) আমরা ওই আইসিইউটি পরিষ্কার ও জীবাণুমুক্ত করছি। এরপর ওই রোগীদের পুনরায় আগের আইসিইউতে ফিরিয়ে আনা হবে।’
‘যেহেতু ঘটনার সময় আইসিইউতে অন্য কোনো সার্জিক্যাল রোগী ছিলেন না, তাই আমরা আশাবাদী—যদি রোগীটি ধনুষ্টঙ্কারে আক্রান্ত হয়ে থাকেন—তবুও অন্যদের মধ্যে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা আপাতত নেই’—যোগ করেন তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, আক্রান্ত রোগীকে কোভিড রোগীদের জন্য প্রস্তুত রাখা একটি আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
আক্রান্ত রোগী ধনুষ্টঙ্কারের চিকিৎসা নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা ভালো নয়। তার কিডনি প্রায় অকার্যকর হয়ে গেছে, ফুসফুসে অনেক কফ জমেছে। তিনি খুবই সংকটাপন্ন রোগী। এসব কারণেই তাকে শুরুতে আইসিইউতে রাখা হয়েছিল।’
টিআই/এনএআর/
-
২১ জানুয়ারী, ২০২৬
-
১৫ নভেম্বর, ২০২৪
-
৩০ অগাস্ট, ২০২৩
-
১১ অগাস্ট, ২০২৩
-
১১ অগাস্ট, ২০২৩
-
০৪ জুলাই, ২০২৩