১৬ জুন, ২০২৫ ০৮:১৯ পিএম
ছাত্রাবাস সংকট দূর ও জীর্ণ ভবন পুনর্নির্মাণের দাবি

ঢামেকের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বর্জনের ঘোষণা

ঢামেকের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বর্জনের ঘোষণা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ছাত্রাবাস সংকট দূর এবং ক্লাস ও ছাত্রাবাসের জীর্ণ ভবন পুনর্নির্মাণের দাবিতে মঙ্গলবারের (১৭ জুন) ওরিয়েন্টেশন প্রোগ্রাম বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৬ জুন) রাতে কে-৮২ ব্যাচের একাধিক শিক্ষার্থী মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকায় তাদেরকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে ছেলেদের ছাত্রাবাস সংকট এবং ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে তারা উদ্বিগ্ন। তাদের অভিযোগ, পুরনো ও রক্ষণাবেক্ষণহীন ভবনে বসবাসের কারণে জীবন ঝুঁকির মুখে রয়েছে।

এ সমস্যার সমাধানে বারবার বলেও সমাধান পাননি জানিয়ে তারা বলেন, একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরিস্থিতির অবনতি হওয়ায় কে-৮২ ব্যাচের শিক্ষার্থীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে ওরিয়েন্টেশন বর্জনের ঘোষণা দিচ্ছে।

একই সঙ্গে দ্রুততম সময়ে আবাসন সমস্যার সমাধান ও নিরাপদ পরিবেশের দাবি জানিয়েছেন তারা।

গত ১ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে ১৭ জুন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৭ জুন শুরু হবে।’

নির্দেশনা অনুসারে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে মঙ্গলবার (১৭ জুন)। ভবিষ্যত চিকিৎসকদের বরণ করে নিতে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে সারাদেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলো। একই সঙ্গে শপথ গ্রহণের মাধ্যমে চিকিৎসা শিক্ষার আঙিনায় পা রাখতে যাচ্ছেন নবীন শিক্ষার্থীরা।

তবে আবাসিক হল সংকট ও পুরনো ভবনে ক্লাস ও বসবাসে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ওরিয়েন্টেশন বর্জনের ঘোষণা দিয়েছেন কে-৮২ ব্যাচের শিক্ষার্থীরা।

জানতে চাইলে ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম মেডিভয়েসকে বলেন, ‘আশা করছি, তাদের জীবনের এই সুন্দর মুহূর্তগুলো থেকে তারা বঞ্চিত হবে না। আমাদের ছাত্ররা যে দাবি দিয়েছে, আমাদের ডিজি স্যারও যে পরামর্শ দিয়েছেন, এ ব্যাপারে আমরা সবাই একদম একমত। এখানে কারও ভিন্নতা নেই। তাদের কষ্টটা আমরা বুঝি, প্রতিটা মুহূর্তে তাদের পাশে আছি, তারা যে ঝুঁকিতে আছে, একই ঝুঁকিতে আমরাও আছি। আগামীকালের প্রোগ্রামের তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে। ওরিয়েন্টেশন প্রোগ্রামটা তাদের জীবনের প্রথম দিন। এই দিনটা কেউ মিস করতে চায় না।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত