শিক্ষার্থীর আত্মহত্যা
ডা. আসাদুজ্জামানের অপসারণে অধিদপ্তরে শেবাচিম অধ্যক্ষের চিঠি
মেডিভয়েস রিপোর্ট: এক শিক্ষার্থীর আত্নহত্যার ঘটনায় প্যাথলজিস্ট ডা. কাজী মো. আসাদুজ্জামানের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তি চেয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে চিঠি দিয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) প্রশাসন। রোববার (২৫ মে) অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ফয়জুল বাশার অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে এই চিঠি দিয়েছেন।
গত ১৯ মে আত্মহত্যার চেষ্টা করেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র সজীব বাড়ৈ। তিনি শনিবার (২৪ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় প্যাথলজিস্ট আসাদুজ্জামানকে দায়ী করে তাকে অপসারণের দাবি জানিয়ে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। রোববার মাইক্রোবায়োলজি বিভাগের তালাও ঝুলিয়ে দেন তারা। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামানকে সরাতে চিঠি দিল কলেজ প্রশাসন।
চিঠিতে বলা হয়েছে, ‘তার (সজীব বাড়ৈ) সহপাঠীরা অভিযোগ করেন, প্যাথলজিস্ট (মাইক্রোবায়োলজি) ডা. কাজী মো. আসাদুজ্জামান টিউটোরিয়াল ক্লাসে শিক্ষার্থীদের সাথে বিরূপ আচরণ করতেন, যাতে তারা মানসিকভাবে বিপর্যস্ত হতো।’
চিঠিতে আরও বলা হয়, ‘তাদের দাবির প্রেক্ষিতে তাকে অত্র প্রতিষ্ঠান থেকে দ্রুততম সময়ের বদলি করা ও সে যাতে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো।’
এমআই/এনএআর/
-
২২ ডিসেম্বর, ২০২৫
-
১৪ অগাস্ট, ২০২৫