১৬ মে, ২০২৫ ০৪:০৫ পিএম

মুগদা মেডিকেলে বিএমএসএসের দিনব্যাপী কর্মশালা

মুগদা মেডিকেলে বিএমএসএসের দিনব্যাপী কর্মশালা
ছবি: মনির উদ্দিন

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ ও ক্লিনিক্যাল দক্ষতা বৃদ্ধি করতে ‘সিউচার, সেভ, স্ট্যাবিলাইজ: মেডিকেল স্কিলস অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স ট্রেনিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি (বিএমএসএস)। আজ শুক্রবার (১৬ মে) রাজধানীর মুগদা মেডিকেল কলেজে বিএমএসএসের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির (এসকম)  উদ্যোগে  এই কর্মশালা আয়োজিত হয়।

সকাল ৮টার দিকে মুগদা মেডিকেলের ইউসুফুর রহমান গ্যালারিসহ তিনটি ক্লাসে কর্মশালা শুরু হয়। এতে দেশের ৩০টি মেডিকেল কলেজ থেকে ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএমএসএসের সভাপতি ডা. ইফতেখার আহমেদ সাকিব, মুগদা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এমজি আজম ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন। মিডিয়া পার্টনার হিসেবে কর্মশালায় যুক্ত ছিল স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম মেডিভয়েস।

অতিথিরা বলেন, বর্তমান চিকিৎসা শিক্ষায় শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান যথেষ্ট নয়। বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও হাতে-কলমে শেখা একটি অপরিহার্য অংশ। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব জ্ঞানে দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে, যা ভবিষ্যতে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।

কর্মশালায় প্রস্রাবনালীতে নল স্থাপন (ক্যাথেটারাইজেশন), শিরায় সুঁচ স্থাপন (ক্যানুলেশন), সেলাই কার্যক্রম (সিউচারিং), আঘাত ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা এবং উচ্চ রক্তচাপ নির্ণয় ও নিয়ন্ত্রণ পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। ব্যবহারিক প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন মুগদা মেডিকেল কলেজের হৃদরোগ, সার্জারি ও অর্থোপেডিক্স বিভাগের অভিজ্ঞ শিক্ষকরা।

প্রসঙ্গত, বিএমএসএস একটি অ-লাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যা দেশের চিকিৎসা শিক্ষার্থীদের সবচেয়ে বৃহৎ প্ল্যাটফর্ম। বর্তমানে ৬০টি মেডিকেল কলেজে বিএমএসএসের ৬০টি লোকাল কমিটি এবং ২০ হাজারেরও অধিক সদস্য রয়েছে। সংগঠনটি আন্তর্জাতিক চিকিৎসা শিক্ষার্থী সংস্থার (আইএফএমএসএ) বাংলাদেশের একমাত্র জাতীয় সদস্য। এটি জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

টিআই/এনএআর/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি
  এই বিভাগের সর্বাধিক পঠিত