জাতীয় যুব কাউন্সিল গঠনে বিএমএসএস ও ডিজিএফপির চুক্তি স্বাক্ষর
মেডিভয়েস রিপোর্ট: জনসংখ্যা, উন্নয়ন এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) বিষয়ক জাতীয় যুব কাউন্সিল গঠনের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (ডিজিএফপি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি ডিজিএফপির সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করা হয়। এতে উপস্থিত ছিলেন ডিজিএফপির মহাপরিচালক ডা. আশরাফী আহমেদ ও সকল পরিচালকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিকল্পনা ইউনিটের পরিচালক সাবিনা পারভীন।
ডিজিএফপির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রশাসন ইউনিটের পরিচালক মীর সাজেদুর রহমান, আর বিএমএসএসের পক্ষে স্বাক্ষর করেন জাতীয় যুব কাউন্সিলের প্রধান ডা. ইফতেখার আহমেদ সাকিব। প্রাথমিকভাবে ২০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে।
সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএফপির মা ও শিশু স্বাস্থ্যসেবা ইউনিটের পরিচালক ডা. মো. সুলতান আহমেদ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) ইউনিটের পরিচালক মারজিয়া হক।
বিএমএসএসের পক্ষ থেকে সাক্ষী ছিলেন ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ডা. শাহজালাল হোসেন সিয়াম এবং সেক্রেটারি জেনারেল সুবহা তানজিম।
এই চুক্তির আওতায় প্রতিষ্ঠিত হয়েছে ‘জনসংখ্যা, উন্নয়ন এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) বিষয়ক জাতীয় যুব কাউন্সিল’—যা সরকারের সহযোগিতায় গঠিত দেশের প্রথম যুব প্ল্যাটফর্ম।
এই কাউন্সিলের মূল লক্ষ্য হলো জাতীয় পর্যায়ে এসআরএইচআর সংক্রান্ত নীতি নির্ধারণ, বাস্তবায়ন ও প্রচারে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের কণ্ঠস্বরকে দেশের নীতিনির্ধারণী অঙ্গনে পৌঁছে দেওয়া।
বিএমএসএসের ২০২৫ বর্ষের প্রেসিডেন্ট ডা. ইফতেখার আহমেদ সাকিবের নেতৃত্বে জাতীয় যুব কাউন্সিল প্রতিষ্ঠা সম্ভব হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
টিআই/