০৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:০৪ এএম

বিএমএসএসের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন

বিএমএসএসের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন
ছবি: বিএমএসএসের সৌজন্যে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির (বিএমএসএস) নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইফতেখার আহমেদ সাকিব। এর সেক্রেটারি জেনারেল হয়েছেন তাসনিম হোসেন। ২০২৫-২৬ সেশনের জন্য এই কমিটি কাজ করবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, নবগঠিত কমিটিতে চারজন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন। তারা হলেন নাহিয়ান ইসলাম হৃদি (ইন্টারন্যাল অ্যাফেয়ার্স), শ্রেষ্ঠা চৌধুরী (এক্সটার্নাল অ্যাফেয়ার্স), আবদুল্লাহ আমিও (ক্যাপাসিটি বিল্ডিং) এবং ডা. কামরুন নেছা আলম উজমা (পাবলিক রিলেশনস অ্যান্ড কমিউনিকেশন)।

বিবৃতিতে বলা হয়, মেডিকেল শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা খাতে স্বেচ্ছাসেবামূলক কাজ এবং নীতি-পর্যায়ে অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে কাজ করা এই সংগঠনের নতুন নেতৃত্ব সংগঠনের অগ্রযাত্রাকে আরও গতিশীল ও কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ। নবনির্বাচিত নির্বাহী পরিষদের সভাপতি এর আগে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দক্ষ নেতৃত্ব দিয়েছেন। নির্বাচিত দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরাও বিভিন্ন কার্যক্রমে সফল সমন্বয় ও সংগঠনের অভ্যন্তরীণ কাঠামোকে আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এতে আরও বলা হয়, নতুন নির্বাহী কমিটি বিএমএসএসের মূল লক্ষ্য ও মূল্যবোধকে ধারণ করে স্বাস্থ্যখাতে শিক্ষার্থীদের ক্ষমতায়ন, গবেষণা, জনস্বাস্থ্য উন্নয়ন এবং অ্যাডভোকেসির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করবে। তাদের নেতৃত্বে বিএমএসএস নতুন প্রকল্প, কৌশলগত অংশীদারিত্ব এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে চিকিৎসা শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর একটি প্ল্যাটফর্ম তৈরি করবে।

বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে জনস্বাস্থ্য উন্নয়ন, চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং নীতি-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন নির্বাহী কমিটি আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নীতি-নির্ধারকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি চিকিৎসা শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে—বলা হয় বিবৃতিতে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমএসএস
  এই বিভাগের সর্বাধিক পঠিত