১৬ এপ্রিল, ২০২৫ ০৩:১৮ পিএম

তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ

তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সাথে সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামও পরিবর্তন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতি প্রণীত অধ্যাদেশ অনুযায়ী, প্রতিষ্ঠান তিনটির নাম হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়।

গত ১৩ এপ্রিল অধ্যাদেশ তিনটিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৫ এপ্রিল) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এসব অধ্যাদেশ গেজেট বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে। এতে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর সই রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি প্রণীত অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হলো।’

এ ছাড়া অধ্যাদেশগুলোর প্রস্তাবনায় বলা হয়েছে, যেহেতু মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর আইনের সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়, একই সাথে সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির কাছে এটি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে—সেহেতু সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন।

অধ্যাদেশ অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামসহ এর আইনের সর্বত্র ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ শব্দগুলোর পরিবর্তে ‘বাংলাদেশ’ শব্দ প্রতিস্থাপিত হবে। একইভাবে খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘শেখ হাসিনা’র পরিবর্তে ‘খুলনা’ এবং সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ শব্দগুলোর পরিবর্তে ‘সিলেট’ প্রতিস্থাপিত হবে।

প্রসঙ্গত, সংবিধানের অনুচ্ছেদ ৯৩ অনুযায়ী—যদি জাতীয় সংসদ অধিবেশন না থাকে এবং এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে জরুরি ভিত্তিতে আইন প্রণয়ন প্রয়োজন, তখন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। তবে সংসদ বসার পর ৩০ দিনের মধ্যে এটির অনুমোদন পেতে হয়, না হলে অপনয়িত হয়ে যায়।

►গেজেট দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল বিশ্ববিদ্যালয়
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক