দেশে দুই হাজার কোটি টাকা ব্যয়ে হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে মার্কিন কোম্পানি
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে দুই হাজার কোটি টাকা ব্যয়ে হাসপাতাল ও বিশেষায়িত নার্সিং বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে যাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা ড. মুমতাজুর রহমান দাউদ এসব তথ্য জানিয়েছেন। রাজধানী ঢাকায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডার) আয়োজনে চারদিনের বিনিয়োগ সম্মেলনে এই যুগান্তকারী বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন তিনি।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গত ৭ এপ্রিল শুরু হয় ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’। চারদিন ব্যাপী এই সম্মেলনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকাসহ বেশ কয়েকটি দেশের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন।
সম্মেলনে অংশ নিয়ে মুমতাজুর রহমান দাউদ জানান, স্বাস্থ্যখাতে ১.৬ বিলিয়ন বা ১৬০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে একটি আধুনিক হাসপাতাল কমপ্লেক্স ও বিশেষায়িত নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, এ হাসপাতালটির নির্মাণকাজ ২০২৬ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বছরে পাঁচ হাজার প্রশিক্ষিত নার্স রপ্তানি এবং চট্টগ্রামের শিল্পাঞ্চলকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নার্সিং বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হবে, যেখানে দক্ষ নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে।’
একই সাথে চট্টগ্রামে ৬০০ মিলিয়ন (৬০ কোটি) ডলার বিনিয়োগে একটি সার কারখানা নির্মাণের কথা উল্লেখ করে তিনি বলেন, আমেরিকান বিনিয়োগকারী গ্রুপ ডিপি ওয়ার্ল্ডের সাথে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সরকারের পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করে ড. দাউদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের এই উদ্যোগে পূর্ণ সহযোগিতা করছে। আমরা মনে করি, রূপকল্প ২০৪১ বাস্তবায়নে এই প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টিআই/এনএআর/