১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:৫৫ পিএম

আহতদের খোঁজ নিয়ে নিন্সের দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক গিয়াস উদ্দিন

আহতদের খোঁজ নিয়ে নিন্সের দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক গিয়াস উদ্দিন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার খোঁজ নেওয়ার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে নিন্সে যোগদান করেন তিনি।

এর আগে মঙ্গলবার এক প্রজ্ঞাপনে নিন্সের পরিচালক হিসেবে অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদকে অব্যাহতি দেওয়া হয়। তাঁর স্থলাভিষিক্ত হন অধ্যাপক কাজী গিয়াস উদ্দিন আহমেদ।

আজ নিন্সে যোগদান করলে হাসপাতালে চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা তাঁকে অভ্যর্থনা জানান। পরে হাসপাতালে ভর্তি জুলাই গণঅভ্যুত্থানের আহত দুইজনকে দেখতে যান অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ। তাঁদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিয়ে পরামর্শ দেন। প্রয়োজনে সরাসরি যোগাযোগ করার নির্দেশও দেন তিনি।

অধ্যাপক কাজী গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এর কারণেই আজকে দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। এ আন্দোলনের যারা শহীদ হয়েছে, তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আহতদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। নিউরোসায়েন্স হাসপাতাল বিপ্লবের আহতদের জন্য সব সময় পাশে থাকবে।’

তিনি বলেন,  ‘নিউরোসায়েন্সেস হাসপাতাল শুধু দেশে নয়, বিদেশেও নিউরোসায়েন্সেস চিকিৎসায় একটি রোল মডেল। এ হাসপাতালটি যেন আরো উন্নত হতে পারে আমার প্রশাসনের সে চেষ্টায় থাকবে।’

এর আগে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিনকে নিন্সের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার সার্ভিসের ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদকে (৪১৩৪৭) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) বদলি/পদায়ন করা হলো।’

অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত