পিএসসির সদস্য হলেন অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দীন
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (গবেষনা, প্রকাশনা ও কারিকুলাম উন্নয়ন) অধ্যাপক ডা. এ টি এম ফরিদ উদ্দীনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দীনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান অথবা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ প্রদান করলেন।’
এতে আরও বলা হয়, ‘সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।’
অধ্যাপক ডা. ফরিদ উদ্দিনের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়। সেখানে তাঁর বেড়ে ওঠা। তিনি বিরলের সারাঙ্গাই পলাশবাড়ী হাই স্কুল থেকে এসএসসি এবং দিনাজপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি রংপুর মেডিকেল কলেজের ১৪তম ব্যাচ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। এরপর তিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে উচ্চতর কোর্স সম্পন্ন করেন।
ডা. ফরিদ উদ্দিন ২০০৫ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এরপরে ২০০৮ সালে তাঁকে সহযোগী অধ্যাপক এবং ২০১৯ সালে অধ্যাপক পদে পদোন্নতি দেয় সরকার। তিনি ফরিদপুর মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক।
এমআই/এনএআর/
-
২৫ জুলাই, ২০২৬
-
১৬ সেপ্টেম্বর, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
২৯ নভেম্বর, ২০২২