৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ১৯ সেপ্টেম্বর
মেডিভয়েস রিপোর্ট: ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশের আটটি বিভাগীয় শহর—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আট বিভাগীয় শহরের মোট ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।
বিপিএসসি সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার প্রবেশপত্রে থাকা ছবি ও স্বাক্ষরের সঙ্গে উপস্থিত পরীক্ষার্থীর তথ্য মিলিয়ে দেখা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের গরমিল ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবারের প্রিলিমিনারি পরীক্ষায় এমসিকিউ ফরম্যাটে মোট ২০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা, এবং পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না। প্রশ্নপত্র ও উত্তরপত্রে চারটি সেট থাকবে—১, ২, ৩ ও ৪। পরীক্ষার্থীদের যে সেট নম্বরের উত্তরপত্র দেওয়া হবে, সেই সেটের প্রশ্নপত্রেই উত্তর দিতে হবে।
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, বই-পুস্তক, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেন্দ্রের প্রবেশপথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। কেউ এসব নিষিদ্ধ সামগ্রীসহ ধরা পড়লে তার প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক ও অতিরিক্ত সময় বরাদ্দ রাখা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীরা প্রতি ঘণ্টায় ১০ মিনিট এবং অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা প্রতি ঘণ্টায় ৫ মিনিট করে অতিরিক্ত সময় পাবেন। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেউ প্রবেশপত্র হারিয়ে ফেললে বিপিএসসি বা টেলিটকের ওয়েবসাইট থেকে তা পুনরায় ডাউনলোড করা যাবে।
যেসব পরীক্ষার্থী ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন, তাদের জন্য আলাদা প্রশ্নপত্র ও আসনবিন্যাস নির্ধারণ করা হয়েছে। কেউ চাইলে পরীক্ষা চলাকালীন ভার্সন পরিবর্তন করতে পারবেন না। তাই সবাইকে নির্ধারিত কেন্দ্র ও ভাষায় পরীক্ষায় অংশ নিতে হবে।
পরীক্ষায় যেকোনো অনিয়ম বা অসদাচরণের প্রমাণ মিললে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। একইসঙ্গে কমিশন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।