সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর গ্রেপ্তার
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
গত ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম। এরপর তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।
উল্লেখ্য, মো. জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব নেন। এর আগে তিনি ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
জাহাঙ্গীর আলম একসময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ ছিলেন। তিনি সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের চেয়ারম্যানসহ বিভিন্ন কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে তিনি সচিব পদে পদোন্নতি পান।
এমআই/এনএআর/
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৮ ফেব্রুয়ারী, ২০২৫