১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ পিএম

দুদকের মামলায় সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম কারাগারে

দুদকের মামলায় সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম কারাগারে
সাবেক সচিব জাহাঙ্গীর আলম বুলবুল। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এর আগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত।

আদালত সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোরে রাজধানী থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে দুদকের করা মামলার এজাহারে বলা হয়েছে, ‘সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলম ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১৩ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৭৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।’

এর আগে গ্রেপ্তারের পর ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের বলেছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

গত ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম। এরপর তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

উল্লেখ্য, মো. জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব নেন। এর আগে তিনি ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

জাহাঙ্গীর আলম একসময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ ছিলেন। তিনি সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের চেয়ারম্যানসহ বিভিন্ন কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে তিনি সচিব পদে পদোন্নতি পান।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম বুলবুল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক