১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ০৯:১৬ পিএম

‘এতো বড় দায়িত্ব, অথচ কোনো তদবির লাগেনি’

‘এতো বড় দায়িত্ব, অথচ কোনো তদবির লাগেনি’
অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কোনো ধরনের তদবির ছাড়াই বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। পরিচালক হিসেবে বিবেচনা করায় কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন তিনি।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মুঠোফোনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন অধ্যাপক কাজী গিয়াস উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘এ ধরনের একটি অর্ডার হলো, আমার কোনো মুভমেন্টই করা লাগেনি। কোনো তদবিরই করতে হয়নি। কর্তৃপক্ষ যে আমাকে মনোনীত করেছেন, এজন্য তাঁদেরকে গভীর কৃতজ্ঞতা জানাই।’

পদায়নের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এই দায়িত্ব একটি বিশাল চ্যালেঞ্জ। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের একটি স্বনামধন্য স্বাস্থ্য প্রতিষ্ঠান। এর মান ধরে রাখতে হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার।’

‘রাষ্ট্র নিশ্চয় অনেক চিন্তা-ভাবনা করে আমাকে এখানে পদায়ন করেছে। এ ক্ষেত্রে জ্যেষ্ঠতা, যোগ্যতা, কর্তব্য পরায়নতা বিবেচনায় নিয়েছে কর্তৃপক্ষ। আমি দীর্ঘ ছয় বছর ধরে ঢামেকের নিউরোলজি বিভাগের প্রধান হিসেবে কাজ করছি। কাজেই সব দিক বিবেচনা করেই উনারা আমাকে যোগ্য মনে করেছেন’—যোগ করেন তিনি।

এর আগে অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার সার্ভিসের ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদকে (৪১৩৪৭) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) বদলি/পদায়ন করা হলো।’

তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের স্থলাভিষিক্ত হলেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত