চলে গেলেন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী ব্যুরোতে কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’র সাংবাদিক মাসুমা ইসলাম (৩০) আর নেই। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চারদিনের বেশি সময় লাইফ সাপোর্টে ছিলেন তিনি। এরপর আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ছুটি নিয়ে স্বামীর সঙ্গে কুমিল্লায় যাচ্ছিলেন। কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নেমে সিএনজির সঙ্গে ভাড়ার বিষয়ে কথা বলছিলেন তাঁরা। এক সিএনজির সঙ্গে বনিবনা না হওয়ায় আরেকটি সিএনজি এসে তাঁদের সামনে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
প্রথমে তাঁর স্বামীকে উদ্ধার করা হলেও কিছুক্ষণ পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয় মাসুমা ইসলামকে। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি প্রো-অ্যাকটিভ মেডিকেলে স্থানান্তর করা হয়, যেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
মাসুমা ইসলাম ‘এখন টেলিভিশনে’র রাজশাহী ব্যুরো অফিসের জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর গ্রামে। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে তিনিই ছিলেন একমাত্র মেয়ে। তিনি রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন করেছেন। শিক্ষাজীবন থেকেই তাঁর সাংবাদিকতা শুরু, পরে এটিকেই পেশা হিসেবে নেন।
জানা গেছে, ২০২৩ সালের শেষের দিকে তিনি বিয়ে করেন। রাজশাহীতে স্বামীর সঙ্গেই থাকতেন।
তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা বলেছেন, ‘তিনি ছিলেন পরিশ্রমী, সাহসী ও দায়িত্বশীল এক সংবাদকর্মী। তাঁর চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’
পেশায় নিষ্ঠাবান ও প্রতিশ্রুতিশীল মাসুমা আক্তারের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।
এমআই/এমইউ/এনএআর/
-
০১ অক্টোবর, ২০২৪
-
২৩ অগাস্ট, ২০২০