১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ০৭:৪৫ পিএম

সিএমইউর সিন্ডিকেট সদস্য হলেন চার চিকিৎসক 

সিএমইউর সিন্ডিকেট সদস্য হলেন চার চিকিৎসক 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) সিন্ডিকেট সদস্য হলেন চার চিকিৎসক। দুই বছর মেয়াদে এসব সদস্যদের মনোনয়ন করা হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে 'চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬' এর ধারা ২০(১) (ণ) এবং ধারা ২০(১)(জ) অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 'সিন্ডিকেট সদস্য' হিসেবে নিম্নবর্ণিত ব্যক্তিকে দুই বছর মেয়াদের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে।’

এতে আরও বলা হয়, অধিভুক্ত মেডিকেল কলেজসমূহের অধ্যক্ষগণের মধ্য হইতে চ্যান্সেলর দ্বারা মনোনীত চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই জন অধ্যক্ষ রাঙ্গামাটি মেডিকেল কলেজ অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়ুয়া ও কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. সোহেল বকস। এ ছাড়া কোন গবেষণা প্রতিষ্ঠানের সদস্য অথবা চিকিৎসা ক্ষেত্রে মূল্যবান অবদান রাখা বাকি দুই জন মনোনীত সিন্ডিকেট সদস্য হলেন ডা. খুরশীদ জামিল চৌধুরী ও ডা. এ কে এম ফজলুল হক।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ জারির তারিখ হতে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এ ছাড়া মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ মনোনয়ন বাতিল করতে পারবেন।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত