দেশে প্রথমবারের মত প্যালিয়েটিভ কেয়ার কর্মশালা
মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রথমবারের মতো গুরুতর বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নত করতে শুরু হয়েছে ‘প্যালিয়েটিভ কেয়ার’ বিষয়ক কর্মশালা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বারডেম জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে তিন দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফ উদ্দিন। যুক্তরাজ্যের সেন্ট ক্লেয়ার হসপিসের সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা বলছেন, প্যালিয়েটিভ কেয়ার এমন একটি বিশেষ ধরনের চিকিৎসা সেবা, যা গুরুতর বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে। এটি রোগের লক্ষণ, ব্যথা এবং মানসিক চাপ কমাতে কাজ করে। প্যালিয়েটিভ কেয়ার রোগী এবং তার পরিবারের জন্য শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক সহায়তা প্রদান করে। যদিও এটি সরাসরি রোগ নিরাময়ের কাজ করে না।
অনুষ্ঠানে বাংলাদেশ ডায়েবেটিক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুব, বারডেম জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের পরিচালক ও বিভাগীয় প্রধানসহ বিশিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা প্যালিয়েটিভ কেয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ আয়োজন আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে।
কর্মশালার মাধ্যমে দেশে প্যালিয়েটিভ কেয়ারের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মত দিয়েছেন কর্মশালায় আগত অতিথিরা। জেরিয়াট্রিক ডে কেয়ার সার্ভিসের মতো যুগোপযোগী চিকিৎসা সেবার সাথে প্যালিয়েটিভ কেয়ার চালুর মাধ্যমে বারডেম জেনারেল হাসপাতাল আবারো দেশের স্বাস্থ্য খাতে অবদান রাখতে যাচ্ছে বলে আশা করছেন উদ্যোক্তারা।
টিআই/এনএআর/
-
১৭ নভেম্বর, ২০২২