২৪ জানুয়ারী, ২০২৫ ০৪:৪১ পিএম

সৈয়দপুর কলেজ থেকে একসঙ্গে ৫৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তির সুযোগ

সৈয়দপুর কলেজ থেকে একসঙ্গে ৫৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তির সুযোগ
মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের একাংশ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে একসঙ্গে ৫৩ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।

জানা গেছে, গত ১৯ জানুয়ারি দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ফলাফলে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৫৩ জন শিক্ষার্থী। এর আগের বছরও এই কলেজের শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষায় ইর্ষনীয় ফলাফল অর্জন করেছেন।

জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, ‘এ শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফল করছেন শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকারি কলেজের শিক্ষার্থীরা মনে করে এখানে নিয়মিত ক্লাস না করলেও হয়। কিন্তু আমাদের এখানে ক্লাস বাধ্যতামূলক বা শিক্ষার্থীরা ক্লাসে নিয়মিত আসে। আমরা এমনভাবে পড়ানোর চেষ্টা করি, যাতে প্রাইভেট পড়তে না হয়। কলেজ থেকেই একজন শিক্ষার্থী পাঠ্যবইয়ের পড়া শেষ করতে পারে, আমরা সে চেষ্টা করি।’

কলেজের গণিত শিক্ষক হাফিজুর রহমান খান মেডিভয়েসকে বলেন, ‘এমন ফলাফলের মাধ্যমে ছেলে-মেয়েরা আমাদের মুখ উজ্জ্বল করেছে। বিগত কয়েকবছর ধরেই আমরা এভাবে সাফল্য পেয়ে যাচ্ছি। এজন্য আমরা গর্বিত এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করছি।’

চলতি বছর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ পরীক্ষায় ২৬২ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২৫৫ জন। এর মধ্যে এবার ৫৩ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৪ সালে ৫৯ জন, ২০২৩ সালে ৪২ জন, ২০২২ সালে ৩৯ জন, ২০২১ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৬ জন ও ২০১৮ সালে ৩৮ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন।

এসএইচবি/এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নীলফামারী
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক