সৈয়দপুরে হচ্ছে রেলওয়ে মেডিকেল কলেজ
মেডিভয়েস ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে ৫০ আসনের রেলওয়ে মেডিকেল কলেজ স্থাপন হচ্ছে। একই সাথে বিদ্যমান রেলওয়ে হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রকল্পের স্টকহোল্ডার পরামর্শ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। রেলপথ মন্ত্রণালয় এ সভার আয়োজন করে। সভার প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব ড. মো. মুশফিকুর রহমান।
সভায় জানানো হয়, বিগত ২০১২ সালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ সৈয়দপুর ৫০ আসনের রেলওয়ে মেডিকেল কলেজ স্থাপন এবং বিদ্যমান রেলওয়ে হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পটি পেয়েছে। রেলপথ মন্ত্রণালয়ে অধীনে পাবলিক প্রাইভেট পার্টনাশিপ কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়ন হবে প্রকল্পটি। গত ২০১৩ সালে ১৪ আগস্ট নীতিগত অনুমোদন হয় প্রকল্পটির। প্রকল্পের কার্যপরিচালনা উপদেষ্টা প্রতিষ্ঠান নিয়োজিত হয়েছে সিনার্জি কনসাল্টিং ইনফ্রাস্ট্রাকচার এবং ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার সার্ভিস। আর প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার।
গত ২০২২ সালের ২৭ জুন চুক্তি সম্পাদনের মাধ্যমে প্রকল্পের কাজে নিয়োজিত কার্যসম্পাদন উপদেষ্টা প্রতিষ্ঠান কর্তৃক খসড়া সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন দাখিল করা হয়েছে ইতোমধ্যে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের গত ১৯ জুনে অনুষ্ঠিত সভায় প্রকল্পের চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. আবুল বাসার, রেলওয়ের মহাপরিচালকের প্রতিনিধি গোলাম মোস্তফা, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. সাদেকুর রহমান, নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান, প্রমুখ।