এইচএসসির ৩ বোর্ডের স্থগিত পরীক্ষা শুরু
মেডিভয়েস ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া তিন শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা আজ রোববার (২৭ আগস্ট) থেকে শুরু হচ্ছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও বন্যার কারণে তা স্থগিত করা হয়।
জানা গেছে, রোববার আলিম পরীক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হবে। এদিন এইচএসসি বিএমটির একাদশ ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ, ডিপ্লোমা ইন কমার্স একাদশ শ্রেণির অর্থনীতি ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান, এইচএসসি ভোকেশনালের দ্বাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান-২ ও একাদশ শ্রেণির রসায়নবিজ্ঞান-১ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর অন্যান্য বোর্ডের মতো চট্টগ্রাম বোর্ডেও এদিন এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা অন্য সব বোর্ড থেকে ১০ দিন পর শুরু হওয়া তিন বোর্ডের এই পরীক্ষায় বসবে ৩ লাখ ৫৩ হাজার ২১৬ জন শিক্ষার্থী। এই তিন বোর্ড ছাড়া বাকি ৮ বোর্ডের পরীক্ষা শুরু হয়েছিল গত ১৭ আগস্ট।