২১ জানুয়ারী, ২০২৫ ০৩:৪২ পিএম

ডা. সাদীর মুক্তিসহ তিন দফা দাবিতে কুমেকে মানববন্ধন

ডা. সাদীর মুক্তিসহ তিন দফা দাবিতে কুমেকে মানববন্ধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট : পুলিশের গুলিতে শহীদ রিকশাচালক ইসমাইলকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে ডেল্টা হেলথকেয়ারের মেডিকেল অফিসার ডা. সাদী বিন শামসসহ পাঁচজনের মুক্তির দাবি জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে কুমেক ইমার্জেন্সি গেইটে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধন থেকে তিন দফা দাবি উত্থাপন করেন আয়োজকরা।

এ সময় বক্তারা বলেন, ‘জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পুলিশবাহিনী  শহীদ রিকশাচালক ইসমাইলকে গুলি করে হত্যা করে। সে ঘটনায় জড়িত পুলিশকে গ্রেপ্তার না করে ডা. সাদী বিন শামস ও তার সহকর্মীদের চিকিৎসায় অবহেলার অভিযোগে গ্রেপ্তার করে, যা চরম বৈষম্য ও অন্যায় কাজ।’

তারা বলেন, ‘যে সকল পুলিশ শহীদ রিকশাচালক ইসমাইল হত্যায় জড়িত তাদেরকে এখনো ধরা হচ্ছে না, তাদের কোন খোজ-খবর নেই, তাদের ব্যাপারে এখনও কোন তদন্ত করা হচ্ছে না। অথচ সেদিন রিকশাচালক ইসমাইলকে চিকিৎসকেরা তাৎক্ষণিক চিকিৎসা দিতে চেষ্টা করেন। কিন্তু ওই অবস্থায় পুলিশ হাসপাতালের ইমার্জেন্সি ভবনকে কেন্দ্র করে গুলি করতে থাকে। পুলিশের টানা গুলি বর্ষণের কারণে চিকিৎকরা সরে যেতে বাধ্য হন। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তাকে এনে আবার চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।’

মানববন্ধনে চিকিৎসকরা এ ঘটনাকে ‘সন্দেহজনক’ উল্লেখ করে বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের জড়িত পুলিশকে বাচাঁনো বা আড়াল করার জন্য নিরপরাধ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে ফাঁসানো হতে পারে। সুতরাং এ ঘটনার একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে জড়িত পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ সকলকে আইনের আওতায় আনার দাবি জানাই।’

তারা আরও বলেন, ‘ডা. সাদী বিন শামস, যিনি চব্বিশের গণঅভ্যুত্থানের লড়াইয়ের ক্ষতচিহ্ন বহন করছেন, তাঁকে কারাগারে প্রেরণের সিদ্ধান্তে চিকিৎসক সমাজ বাকরুদ্ধ। আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি, অবিলম্বে ডা. সাদী বিন শামসসহ কারারুদ্ধ পাঁচ ব্যক্তিকে মুক্তি না দিলে চিকিৎসক সমাজকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।’

এ সময় তিন দফা দাবি জানান মানববন্ধন আয়োজকরা। এগুলো হলো —অবিলম্বে ডা. সাদি বিন শামস, নার্স ও স্টাফসহ পাঁচজনের মুক্তি দেওয়া, সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যাবস্থা করা এবং চিকিৎসকদের ভবিষ্যতে যেন হেনস্থার শিকার না হতে হয়, তার ব্যবস্থা করা।

মানববন্ধনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ, চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুম হাসান, নার্সিং অ্যাসোশিয়েশন সভাপতি মো. ফরহাদ হোসেন ও ছাত্র প্রতিনিধি আব্দুল মান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক