শেবাচিমে হতে যাচ্ছে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল শিক্ষার্থীদের যুক্তির আলোকে আরও উদ্ভাসিত করতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেট ফোরামের (এসবিএমসিডিএফ) উদ্যোগে হতে যাচ্ছে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। আগামী ৭ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ডিসকর্ড’ প্লাটফর্মে এই প্রতিযোগিতার গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের বিতর্ক দল অংশ নিবে।
এসবিএমসিডিএফ জানিয়েছে, ‘হোয়ার মাইন্ডস কলাইড, আইডিয়াজ রিসোনেট অ্যান্ড এক্সিলেন্স প্রিভেইলস’ প্রতিপাদ্যে বিতর্কের গ্রুপ পর্ব থেকে প্রথম আটটি দল কোয়ার্টার ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবে। ১৪ ফেব্রুয়ারি কোয়ার্টার ফাইনাল পর্ব শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে সরাসরি অনুষ্ঠিত হবে। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের বিতার্কিকরা।
এ বিষয়ে ডিবেটিং ফোরামের সভাপতি সাজিদ রেজোয়ান মেডিভয়েসকে বলেন, ‘একটা সময় টেলিভিশন থেকে শুরু করে মঞ্চে সব জায়গায় ছিল মেডিকেল বিতর্কের স্বর্ণযুগ। তবে বাস্তবতা হলো, মেডিকেলে নানা ব্যস্ততার মধ্যে সেই ঐতিহ্য প্রায় হারিয়ে যাচ্ছে বললেই চলে। আশা করি সবার অংশগ্রহণে এই প্রতিযোগিতা আবারো মেডিকেল শিক্ষার্থীদের যুক্তির আলোকে উদ্ভাসিত করবে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাকিন বলেন, ‘মেডিকেল সেক্টরে বিতর্কের চর্চাকে অগ্রসর করতে সকল মেডিকেল কলেজের অংশগ্রহণ প্রয়োজন। প্রতিযোগিতায় শুধু জেতাই নয়, বিতর্ক চর্চাকে আরো উন্নত করতে টুর্নামেন্টে অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের সব মেডিকেল কলেজগুলোকে এই প্লাটফর্মে সুযোগ করে দিতে চাই। তাই সকল মেডিকেলের অংশগ্রহণ একান্ত কাম্য।’
এনআই/এসআই/এনএআর/