ডা. সাদী বিন শামসের মুক্তির দাবি জাতীয় নাগরিক কমিটির
মেডিভয়েস রিপোর্ট: গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ রিকশাচালক ইসমাইল হত্যা মামলায় কারাগারে থাকা রাজধানীর ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাদী বিন শামসসহ পাঁচজনের মুক্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রোববার (১৯ জানুয়ারি) সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।
এর আগে গত বছরের ৭ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় শহীদ ইসমাইলের স্ত্রী লাকি বেগম একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় ডা. সাদীসহ হাসপাতালে কর্মরত পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার সিএমএম আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মামলার এজাহারে মূল আসামী করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ জনকে। ৫১ জন আসামীর সবাই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী। এজাহারে আরোও উল্লেখ করা হয়, মামলার আসামীদের অস্ত্রের মহড়ার কারণে ইসমাইল চিকিৎসা নিতে পারেননি। স্ত্রী লাকি বেগম হুমকির কারণে তার লাশের ময়নাতদন্ত পর্যন্ত করতে পারেননি। কিন্তু লাকি বেগম তার এজাহারের কোথাও চিকিৎসক-নার্স বা চিকিৎসা সংশ্লিষ্ট কাউকে আসামী করেননি।’
এতে আরও বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ ইসমাইলের ছবি ভাইরাল হওয়ার পর পুলিশ ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাদি বিন শামস, মার্কেটিং অফিসার হাসান মিয়া, মেইনটেন্যান্সের বোরহান উদ্দিন এবং সিকিউরিটি গার্ড ইসমাঈল ও নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করে। আমরা জানতে পারি, তাদের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদান না করার অভিযোগ ওঠে।’
ঘটনার দিন ১৯ জুলাই ডেল্টা হেলথ কেয়ারের কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকি নিয়ে গুলিবিদ্ধ ইসমাইলকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসতে চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী হাসপাতালের উদ্দেশ্যে গুলিবর্ষণ করে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, ‘ডিউটিরত চিকিৎসকের পাঞ্জাবি ভেদ করে একটি গুলি হাসপাতালের দেওয়ালে বিদ্ধ হয়, যার চিহ্ন এখনও বিদ্যমান। আইনশৃঙ্খলা বাহিনী তাদের অস্ত্র তাক করে ভয়ভীতি দেখিয়ে লাশটি সরিয়ে নেয়। পরে পুলিশ তা পরিবারের কাছে হস্তান্তর করে।’
ডা. সাদী বিন শামস ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা প্রদান করেছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তিনি সেদিন আহত ইসমাইলকে চিকিৎসা দেওয়ার জন্য গেলে তাকেও গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু সৌভাগ্যবশত সেদিন তিনি পুলিশের গুলিতে আহত হননি।’
এতে বলা হয়, ‘পুলিশ মূল সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে নিরপরাধ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে, যা চরম বৈষম্য ও অন্যায় কাজ। ডা. সাদী বিন শামসকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণের ঘটনায় জাতীয় নাগরিক কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’
একই সাথে জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার পাশাপাশি পুলিশকে আরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এমআই/এনএআর/
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
-
৩০ ডিসেম্বর, ২০২৪
-
২৬ ডিসেম্বর, ২০২৪
-
১৮ ডিসেম্বর, ২০২৪
-
১১ ডিসেম্বর, ২০২৪
-
০৯ ডিসেম্বর, ২০২৪
-
২৩ নভেম্বর, ২০২৪