‘বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ করতে কাজ করবে নাগরিক কমিটি’
মেডিভয়েস রিপোর্ট: বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর ও প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক পারিতোষিক বাড়াতে জাতীয় নাগরিক কমিটি কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনটির মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে চিকিৎসক দলের সঙ্গে আলোচনার পর এ কথা জানান তিনি।
এর আগে একই দিন এক বিজ্ঞপ্তিতে তাকে নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।
চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর সারজিস বলেন, ‘আজ জাতীয় নাগরিক কমিটির অফিসে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল এসেছিলেন তাদের গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক দুটি দাবি নিয়ে। আমরা দীর্ঘ সময় এ বিষয়ে কথা বলেছি।’
তিনি বলেন, ‘(চিকিৎসকদের) প্রথম দাবিটি হচ্ছে বিসিএসের বয়সসীমা সংক্রান্ত। অভ্যুত্থানের পূর্বে বিসিএসে ডাক্তারদের বয়সসীমা ছিল ৩২ বছর, আমরা যারা গ্র্যাজুয়েশন করি, আমাদের ৪ বছর লাগে, কিন্তু চিকিৎসকদের ক্ষেত্রে পাঁচ বছর এমবিবিএস ও আরও এক বছর ইন্টার্ন করতে হয়, অর্থাৎ তাদের ছয় বছর সময় লাগে। প্রায় দুই থেকে আড়াই বছর তাদের বেশি সময় লাগে। সে যৌক্তিক বিবেচনায় বিসিএসে ডাক্তারদের ক্ষেত্রে ৩২ বছর ছিল বয়সসীমা।’
সারজিস বলেন, ‘সম্প্রতি সার্বিকভাবে সকলের বয়সসীমা ৩২ করা হয়েছে। খুব স্বাভাবিকভাবে তাদের (চিকিৎসকদরে) জায়গা থেকে একটি যৌক্তিক দাবি এসেছে, ডাক্তারদের ক্ষেত্রে ৩২ এর সাথে আরও দুই বছর যুক্ত করা প্রয়োজন। এ নিয়ে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা কথা বলেছি, আমরা জাতীয় নাগরিক কমিটি থেকেও একটি আবেদন জমা দিব।
তিনি আরও বলেন, ‘আরেকটি হচ্ছে, আমাদের যারা প্রাইভেট ট্রেইনি চিকিৎসক রয়েছেন, তাদের সম্মানি বাড়ানোর জন্য নির্দিষ্ট সময় পরপর আন্দোলন করতে হয়। ১০ হাজার থেকে এই সম্মানি শুরু হয়েছিল, এখন সর্বশেষ ২৫ হাজারে এসে ঠেকেছে। কিন্তু আমরা জানি মুদ্রাস্ফীতিসহ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতে একজনের চলা কতটুকু কষ্টকর। তারা জানিয়েছেন, এটি যেন নবম গ্রেডের সমমান সুযোগ-সুবিধা সম্পন্ন করা যায়। সে বিষয়টি নিয়েও আমরা আমাদের জায়গা থেকে কথা বলেছি।’
এ সংক্রান্ত ফাইলটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন অর্থ মন্ত্রণালয়ের রয়েছে উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘আমরা অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলেছি। এ বিষয়গুলো নিয়ে আমরা, জাতীয় নাগরিক কমিটি চিকিৎসকদের সঙ্গে একসাথে কাজ করব।’
এনএআর/
-
০৩ জুন, ২০২৬
-
২১ মে, ২০২৬
-
২০ মে, ২০২৬
-
২০ মে, ২০২৬
-
১৮ মে, ২০২৬
-
১৮ মে, ২০২৬
-
১৮ মে, ২০২৬