২৬ ডিসেম্বর, ২০২৪ ০৯:১৬ পিএম

এমবিবিএস ভর্তির আবেদন শেষ হচ্ছে কাল

এমবিবিএস ভর্তির আবেদন শেষ হচ্ছে কাল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তির আবেদন শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার (২৭ ডিসেম্বর)। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।  আবেদন ফি দেওয়া যাবে শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত এক লাখ ২৯ হাজার ১২২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদন সংখ্যা আরও বাড়বে। এমবিবিএস ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের জন্য বাকি মাত্র একদিন রয়েছে। এই সময়ের মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এর আগে ৮ ডিসেম্বর এমবিবিএস ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন ওই বিজ্ঞপ্তিতে সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৩ সাল অথবা ২০২৪ সালে এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের পূর্বে এসএসসি, ও লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

প্রার্থীকে এসএসসি, ও লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। এসএসসি, ও লেভেল বা সমমান এবং এইচএসসি, এ লেভেল বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।

উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি, ও লেভেল বা সমমান এবং এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

সকলের জন্যে এইচএসসি, এ লেভেল বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (বায়োলজি) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০ টি প্রশ্নের প্রতিটি এক নম্বর করে মোট নম্বর ১০০। বিষয় ভিত্তিক নম্বর বিভাজন। জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ২০, ইংরেজি ১৫, সাধারন জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ১০। পরীক্ষার সময়কাল এক ঘন্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য এক নম্বর প্রদান করা হবে। কোন প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তি ও বিদেশে এমবিবিএস বা সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসাবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত