১৭ ডিসেম্বর, ২০২৪ ০৫:২০ পিএম

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মিডওয়াইফারি ও প্রজনন স্বাস্থ্যে সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডা) ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুইডেন বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও মাতৃসেবাসহ নানা বিষয়ে সহযোগিতা করে যাচ্ছে। মিডওয়াইফারি ও প্রজনন স্বাস্থ্যে সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডা) ভূমিকা বেশ প্রশংসনীয়।

স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যকর করতে স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিয়ে কার্যকরভাবে গড়ে তুলতে হবে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের পরিবেশ ও স্বাস্থ্যসহ বহুমাত্রিক বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব যেমন শিশু স্বাস্থ্য ও মায়েদের প্রজনন স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে, তেমনি অভ্যন্তরীণ মাইগ্রেশনের প্রবণতা বাড়ছে।

সাক্ষাতে রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, ‘৫০ বছরের বেশি সময় ধরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক। আমাদের উন্নয়ন সহযোগিতা বহু ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে। আমরা আনন্দিত যে, আমাদের বাণিজ্যিক সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণে আরও বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। আমরা আমাদের অংশীদারিত্বে বড় সম্ভাবনা দেখি এবং সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করি।’

সুইডেন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ একটি সন্ধিক্ষণে রয়েছে। গণঅভ্যুত্থান ও আন্দোলনে নিরীহ মানুষের জীবনহানির জন্য আমরা গভীরভাবে দুঃখিত।’

সাক্ষাতে প্রজনন স্বাস্থ্য ব্যবস্থা, মিডওয়াইফারি, ওষুধ ব্যবস্থাপনা, নার্স ও চিকিৎসকসহ নগর স্বাস্থ্য ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘সরকার আগামীতে রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইডিসিএলকে একটি দক্ষ ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়।’

সৌজন্য সাক্ষাৎকালে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, সুইডেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ফেলিক্স হেলগেসন প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক