১১ ডিসেম্বর, ২০২৪ ০৬:৩৮ পিএম

‘চুক্তিতে উল্লেখ থাকলে হাসপাতালে যন্ত্রপাতি-মেশিনারি অকার্যকর থাকবে না’

‘চুক্তিতে উল্লেখ থাকলে হাসপাতালে যন্ত্রপাতি-মেশিনারি অকার্যকর থাকবে না’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল টেকনোলজি ইন্ডাস্ট্রি লিডার মেডট্রনিকের সাবেক সিইও ও চেয়ারম্যান ড. ওমর ইশরাক বলেছেন, ‘যে সকল প্রস্তুতকারক বা কোম্পানি হাসপাতালে যন্ত্রপাতি এবং মেশিনারি সরবরাহ করে তাদের সাথে এমন সার্ভিস চুক্তি হতে হবে যাতে যন্ত্রপাতিতে কোন সমস্যা হলে তারা নিজ উদ্যোগে ঠিক করে দিবে। প্রয়োজনে তারা যন্ত্রপাতি নিয়ে গিয়ে ঠিক করবে অথবা আমাদের দেশেই যন্ত্রপাতি ঠিক করার জন্য তাদের অফিস স্থাপন করবে। সার্ভিস চুক্তিতে স্পষ্ট করে এসব বিষয়গুলি উল্লেখ থাকলে হাসপাতালের যন্ত্রপাতি এবং মেশিনারি নিয়ে সমস্যা হবে না।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকার শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন হলে মেডিকেল ইকুইপমেন্ট ও ডিভাইস বিষয়ক সভায় তিনি এ কথা বলেন। সভায় সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল, মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতালের যন্ত্রপাতির ব্যাপারে বিস্তারিত তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। এ সকল যন্ত্রপাতি ঠিকমতো মেরামত, সংরক্ষন, এবং অকেজো যন্ত্রপাতি কার্যোপযোগী করার উপায় নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।

ড. ওমর ইশরাক বলেন, ‘আমরা যদি রোগ হবার আগে তা প্রতিরোধ করতে পারি, তাহলে আমাদের হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়বে না। মাত্রাতিরিক্ত রোগী ভর্তি হবার কারণে হাসপাতালগুলোতে যথাযথ চিকিৎসা দেয়াটা ব্যাহত হয়। আমাদের রোগ না হবার জন্য প্রিভেনটিভ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়াটা জরুরি। আমরা যদি হাসপাতাল বানানোর কথা বলি, বর্তমানে জনসংখ্যা এবং রোগীর যে চাপ তা শুধু হাসপাতাল বানিয়ে সমাধান করাটা সম্ভব নয়। আমরা যদি রোগের প্রতিরোধমূলক ব্যবস্থার উপর গুরুত্ব দেই, তাহলে গ্রাম থেকে শহরে, ঢাকায় রোগীর চাপ বাড়বে না। এজন্য আমাদের সচেতনতা এবং রোগ প্রতিরোধের উপর আমাদের গুরুত্ব দিতে হবে।’

ড. ওমর ইশরাক একজন বাংলাদেশী আমেরিকান ব্যবসায়িক নির্বাহী। বর্তমানে তিনি ইন্টেলের বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পূর্বে জুন ২০১১ থেকে এপ্রিল ২০২০ পর্যন্ত মেডট্রনিকের বোর্ডের সিইও ও চেয়ারম্যান ছিলেন।

গ্রামীণ মানুষের সেবার উদ্দেশ্য ড. ওমর ইশরাক প্রান্তিক পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সন্তান সম্ভবা প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবার জন্য পোর্টেবল আল্ট্রাসনোগ্রাফি মেশিন সরবরাহ করেছেন। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘আমরা খালি ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা কিন্তু স্বাস্থ্য সেবা না। এটা চিকিৎসা ব্যবসা হয়ে গেছে। আমরা যদি সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য সেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব। আমরা রাতকানা রোগের কথা জানি। একসময় বাচ্চাদের মাঝে এই রোগের অনেক প্রকোপ ছিল। ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেলে যেমন সবুজ শাক-সবজি, হলুদ ফলমূল খেলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। বর্তমানে মানুষের সচেতনতার কারণে এই রোগের প্রকোপ অনেকটাই কমেছে।’

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো: সারোয়ার বারী। এছাড়া উপস্থিত ছিলেন মেডট্রনিক ল্যাবসের প্রেসিডেন্ট রুচিকা সিনঘাল, বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক