১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৩৫ এএম

‘রংপুর মেডিকেলে ছয়শ’ যন্ত্রপাতির ৪৫০টিই অকেজো’

‘রংপুর মেডিকেলে ছয়শ’ যন্ত্রপাতির ৪৫০টিই অকেজো’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালের কিছু বিভাগে ভালো চিকিৎসা সেবা দেওয়া হলেও বেশ কিছু বিভাগের গুরুতর ত্রুটি লক্ষ্য করেছি।’

মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ছয় শ যন্ত্রপাতির মধ্যে সাড়ে চারশ’ই অকেজো বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘এই হাসপাতালে প্রায় ছয় শত যন্ত্রপাতি থাকলেও এগুলোর মধ্যে সাড়ে চারশ'ই অকেজো হয়ে পড়ে আছে। এটা তো মেনে নেওয়া যায় না। পুরাতন যন্ত্রপাতি দ্রুত মেরামত করতে হবে, অথবা নতুন মেশিন কিনতে হবে। সাড়ে চারশ মেশিন নষ্ট পড়ে থাকলে আপনারা (চিকিৎসক) মানুষকে কী চিকিৎসা দেবেন?’

হাসপাতালে রোগীদের জন্য সরকার থেকে কি কি ওষুধ সরবরাহ করা হয়, বাইরে থেকে কি কি ওষুধ ক্রয় করতে হয়, এটি খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জাহিদ মালেক।

এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের নির্মাণাধীন ১৫ তলা বিশিষ্ট অত্যাধুনিক ক্যান্সার, কিডনি ও লিভার হাসপাতালের চলমান নির্মাণ কাজের পরিদর্শন করেন। নির্মাণ কাজ দ্রুততার সাথে করতে স্থানীয় প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি। এরপর মন্ত্রী ১০০ বেডের শিশু হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত বিভিন্ন ইউনিটের রোগীদের স্বাস্থ্যসেবার মান সরেজমিনে পরিদর্শন করেন। সেখানকার চিকিৎসক, নার্সদের সাথে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলমের সভাপতিত্বে অতিরিক্ত সচিব (হাসপাতাল) নাজমুল হক, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক টিটু মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রফেসর শামিউল ইসলাম, রংপুর বিভাগের বিএমএ সভাপতি ও রংপুর আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ বিমল চন্দ্র রায়, এইচ.ই.ডি এর চীফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার বশির, রংপুর মেডিকেলের পরিচালক ইউনুছ আলী, রংপুর বিভাগীয় হাসপাতাল পরিচালক সহ বিভিন্ন স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসকরা বক্তব্য রাখেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালটিতে বেড সংখ্যা ১০০০ হলেও চিকিৎসা নেন ২০০০ হাজারের বেশি মানুষ। হাসপাতালের পরিচ্ছন্নতার অভাব রয়েছে। হাসপাতালের কিছু বিভাগে ভালো চিকিৎসা সেবা দেওয়া হলেও বেশ কিছু বিভাগের গুরুতর ত্রুটি লক্ষ্য করেছি। এসব চলবে না।’

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক