চিকিৎসা সেবা দিতে হবে দরদ দিয়ে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েসে রিপোর্ট: বাংলাদেশ থেকে কোন মানুষ চিকিৎসার জন্য যেনে বিদেশে যেতে না হয়, বরং বিদেশ থেকেই বাংলাদেশে চিকিৎসা নিতে আসতে হয়, চিকিৎসকদের এমন সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘দেশের চিকিৎসা সেবা নিয়ে নানা সমালোচনা ছিল এবং এখনো আছে। সমাধানের জন্য সমস্যা খুঁজে বের করতে আমরা মাঠে নেমে গেছি। দেশের প্রান্তিক হাসপাতালগুলোতে সরেজমিন পরিদর্শন শুরু করেছি, রোগীদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলছি।’
তিনি আরও বলেন, ‘মেশিন কয়টি আছে, কয়টি নষ্ট, কী কারণে নষ্ট, কোন চিকিৎসকরা ডিউটি ঠিকভাবে করেন, কারা করেন না, এগুলো নিজে উপস্তিত থেকে তালিকা করে সাথে সাথেই ব্যবস্থা নিচ্ছি। দেশের ছয়টি বিভাগ পরিদর্শন শেষ করেছি। আর মাত্র দুটি বিভাগ বাকি আছে। এরপর দেশের সব হাসপাতালের ছোট-বড় খুটিনাটি সব বিষয় নিয়ে মন্ত্রণালয় থেকে বিভিন্ন রকম কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
চিকিৎসকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘যত যাকিছুই করা হোক, চিকিৎসা দিতে হবে চিকিৎসকদেরই। চিকিৎসা দিতে অবহেলা করা যাবেনা। নিজ নিজ হাসপাতালকে নিজ উদ্যোগে সংশোধিত করতে হবে, উন্নত করতে হবে। আর চিকিৎসা দিতে হবে দরদ দিয়ে। মানুষকে চিকিৎসা সেবা এমনভাবে দিবেন যেনো বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে দেশের আর কোন মানুষকে বিদেশে যেতে না হয়, বরং বিদেশ থেকেই বাংলাদেশে চিকিৎসা নিতে বিদেশীদের আসতে হয়।’
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালটিতে বেড সংখ্যা ১০০০ হলেও চিকিৎসা নেন ২০০০ হাজারের বেশি মানুষ। হাসপাতালের পরিচ্ছন্নতার অভাব রয়েছে। হাসপাতালের কিছু বিভাগে ভালো চিকিৎসা সেবা দেওয়া হলেও বেশ কিছু বিভাগের গুরুতর ত্রুটি লক্ষ্য করেছি। এসব চলবে না।’
এসএস