১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০৭:৫৬ পিএম

দুর্নীতির অভিযোগে পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাময়িক বরখাস্ত

দুর্নীতির অভিযোগে পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাময়িক বরখাস্ত
আবু মোশাররফ হোসেন।

মেডিভয়েস রিপোর্ট: নারী সহকর্মীদের সাথে অশালীন আচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের পাবনা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মোশাররফ হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘অশালীন আচরণ ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে আবু মোশাররফ হোসেনকে  চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছি। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। বিভাগীয় তদন্তের সময় অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থন করার সুযোগ থাকবে। তদন্তের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এর আগে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘ফরিদপুরের পাবনা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মোশাররফ হোসেনের বিরুদ্ধে আনিত নারী সহকর্মীদের সাথে অশালীন আচরণ ও দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে তদন্তে প্রতীয়মান হয়, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর বিধি-৩ (খ) ও ৩ (ঘ) অনুযায়ী যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি’ এর সামিল।’ 

এতে আরও বলা হয়েছে, ‘এ সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে আবু মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ অবস্থায় তাঁকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ সময় প্রচলিত বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।’

তবে অভিযোগ অস্বীকার করে আবু মোশাররফ হোসেন মেডিভয়েসকে বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমাকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এসব করা হয়েছে। তদন্তের সময় প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত