সংশোধিত প্রজ্ঞাপন জারি
বিসিএসে আবেদন ফি ২০০ টাকা, উপেক্ষিত চিকিৎসকদের বয়সসীমা
মেডিভয়েস রিপোর্ট: বিসিএসে আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অনগ্রসর প্রার্থীর ক্ষেত্রে ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। তবে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ করার বিষয়টি উপেক্ষিত রয়েছে প্রজ্ঞাপনে।
আজ বুধবার (১২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধন করা হয়েছে। আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ছিল ৭০০ টাকা, এটিকে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর নাগরিক প্রার্থীর ক্ষেত্রে আগে ফি ছিল ১০০ টাকা, সেটি কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। ফলে বিসিএসে আগে ১১০০ নম্বরের পরীক্ষা হলেও এখন থেকে ১০০০ নম্বরের পরীক্ষা হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বেড়ে ৩২ বছর নির্ধারণ করায় বিধিমালা সংশোধন করে সরকারি চাকরিতে প্রবেশের ৩০ থেকে বাড়িয়ে সর্বোচ্চ বয়স ৩২ বছর করা হয়েছে।
তবে সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হলেও চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করার বিষয়টি উপেক্ষিত রয়ে গেছে।
জানা গেছে, আগের বিসিএসগুলোতে যেখানে সাধারণ বয়সসীমা ছিল ৩০ বছর, তখনও ৩২ বছর পেতেন চিকিৎসকরা। এমবিবিএস সম্পন্ন করতে দীর্ঘসূত্রতার কারণে দুই বছর অতিরিক্ত সময় দেওয়া হতো তাদের। কিন্তু ৪৭তম বিসিএসে সে সুযোগ রাখা হয়নি। সবার মতোই ৩২ বছর রাখা হয়েছে তাদের বয়সসীমা।
গত ৫ ডিসেম্বর বয়সসীমা ৩৪ বছর করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন চিকিৎসকরা। পরে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে বিসিএসে চিকিৎসকদের বয়স ৩৪ করার আলোচনা ওঠে। ওইদিন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম মেডিভয়েসকে বলেন, ‘একজন চিকিৎসক বিসিএসে অংশ নিতে গড়ে আট বছর সময় পান। অন্যরা পাচ্ছেন দশ বছর। সে হিসাবে সরকার চাইলে তাদের বয়সসীমা আরও বাড়ানো যেতে পারে।’
পরে ৮ ডিসেম্বর পিএসসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন বিসিএসে চিকিৎসকদের বয়স বৃদ্ধি আন্দোলনের প্রতিনিধি দল। আন্দোলনকারীদের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জেনারেল সার্জারি বিভাগের রেসিডেন্ট ডা. রুহুল আমিন। বৈঠকে অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে আলোচনা করে বিসিএসে চিকিৎসকদের বয়স ৩৪ বছর করার বিষয়ে সমাধানের উদ্যেগ নেওয়া হবে। আর এতে পিএসসির কোনো আপত্তি নেই।’ পরে বৈঠক শেষে এসব তথ্য মেডিভয়েসকে নিশ্চিত করেন ডা. রুহুল আমিন।
এসএইচ/এমইউ/এনএআর/
-
০৩ জুন, ২০২৬
-
২১ মে, ২০২৬
-
২০ মে, ২০২৬
-
২০ মে, ২০২৬
-
১৮ মে, ২০২৬
-
১৮ মে, ২০২৬
-
১৮ মে, ২০২৬