০২ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫৫ এএম

সিওমেকে প্রথমবারের মতো ৮ শিশু হৃদরোগীর দেহে ডিভাইস স্থাপন

সিওমেকে প্রথমবারের মতো ৮ শিশু হৃদরোগীর দেহে ডিভাইস স্থাপন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রথমবারের মতো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে ৮ শিশু হৃদরোগীর দেহে ডিভাইস স্থাপন করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) ও রোববার (১ ডিসেম্বর) সিওমেক হাসপাতালের দ্বিতীয় তলায় কার্ডিওলজি বিভাগের ক্যাথল্যাবে এ অপারেশন সম্পন্ন হয়।

জানা গেছে, এসময় দু’বছর থেকে ১২ বছর বয়সী এসব শিশুর শরীরে সফল অস্ত্রোপাচার শেষে ডিভাইস বসানো হয়। এসব ডিভাইস বসানোর মাধ্যমে ঢাকার বাইরে এই প্রথম কোনো সরকারি মেডিকেলে এ ডিভাইস স্থাপনের রেকর্ড সৃষ্টি করেছে সিওমেক হাসপাতাল।

সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, হার্টের জন্মগত অস্বাভাবিক ছিদ্র বন্ধ করা, রক্তনালীর স্বাভাবিকীকরণ তথা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট (এএসডি), ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (ভিএসডি) এবং প্যাটেন্ট ডাক্টাস আটারিওসাসের (পিডিএ) চিকিৎসার জন্য এ ডিভাইস লাগানো হয়।

জানা গেছে, সরকারি সহযোগিতার পাশাপাশি লন্ডনের মন্তাদা এইডের অর্থায়নে এবং ঢাকাস্থ বাংলাদেশ শিশু হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. রেজওয়ানা রিমাসহ ১০ জন চিকিৎসকের একটি দলের সার্বিক কারিগরি সহায়তায় দুদিনব্যাপী এ কার্যক্রম সম্পন্ন হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার তিনজন ও রোববার পাঁচজন শিশুর দেহে ডিভাইস বসানো হয়। ওসমানী মেডিকেলের হৃদরোগ বিভাগ ও শিশু মেডিসিন বিভাগের সহযোগিতায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিটি ডিভাইসের দাম দেড় থেকে দু’লাখ টাকার বেশি বলে জানান সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সিওমেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. মোখলেছুর রহমান গণমাধ্যমকে বলেন, ওসমানী মেডিকেলের ক্যাথল্যাবে বড় হৃদরোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি শিশু হৃদরোগীদের জন্য এ ধরনের কার্যক্রম শুধু ওসমানী হাসপাতাল নয়, দেশের সরকারি হাসপাতালগুলোর ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

সিওমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির গণমাধ্যমকে বলেন, সিলেটের শিশু চিকিৎসা ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হলো। বিভিন্ন বিষয়ের ওপর লক্ষ্য রেখে শিশুদের অন্য রোগের জটিলতার বিষয়টি মাথায় রেখে আটজন শিশুর শরীরে অস্ত্রোপাচার করে ডিভাইস স্থাপন নিঃসন্দেহে মাইলফলক। এই কৃতিত্ব ঢাকা শিশু হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের। ওসমানী হাসপাতালের কার্ডিওলজি ও শিশু বিভাগ হৃদরোগের শিশু চিকিৎসায় যে নবযাত্রা সূচনা করেছে এর ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিওমেক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক