২৫ নভেম্বর, ২০২৪ ০৩:২৮ পিএম

‘সিওপিডি নিয়ন্ত্রণে সচেতন হওয়াই শ্রেয়’

‘সিওপিডি নিয়ন্ত্রণে সচেতন হওয়াই শ্রেয়’
সেমিনারে বক্তব্য রাখছেন ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়শা আক্তার। ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব সিওপিডি দিবস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছে রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতাল। আজ সোমবার (২৫ নভেম্বর) হাসপাতালের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

সেমিনারে ‘আপডেট ম্যানেজমেন্ট অব সিওপিডি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পালমোনলজিস্ট ডা. একেএম ফাহমিল নোমান। এ ছাড়া এতে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, ডা. গোলাম সারোয়ার বিদ্যুৎ ও ডা. মো. জিয়াউল করিম প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি ফুসফুসের একটি দীর্ঘমেয়াদি রোগ। এ রোগে শ্বাসপ্রশ্বাসের প্রবাহ বাধাগ্রস্ত হয়, যা প্রতিনিয়ত অবনতির দিকে যায়। এটি পুরোপুরি নিরাময়যোগ্য নয়। তবে চিকিৎসায় নিয়ন্ত্রণে রাখা যায়।

তারা বলেন, বিশ্বে ৩৮ কোটি ৪০ লাখ মানুষ সিওপিডিতে ভুগছে। আক্রান্তের ৯০ শতাংশই নিম্ন-মধ্যম আয়ের দেশের। প্রাণঘাতি এ রোগে বছরে মৃত্যু হচ্ছে ৩০ লাখ মানুষের। যা বিশ্বব্যাপী মৃত্যুর তৃতীয় কারণ। বিশেষজ্ঞদের ধারণা, বাংলাদেশে সিওপিডি আক্রান্তের হার অন্যান্য দেশের তুলনায় বেশি। আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ।

পালমোনলজিস্ট ডা. কাজী মোহাম্মদ আরিফুলের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়শা আক্তার।

ডা. আয়শা আক্তার বলেন, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট, কাশি, প্রায়ই জ্বর আসা, শারীরিক দুর্বলতা, গলায় দীর্ঘদিন ধরে অস্বস্তি অনুভব করা, দীর্ঘমেয়াদি মাথাব্যথা মূলত এ রোগের লক্ষণ। প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা শুরু করা যায় তবে রোগটি নিয়ন্ত্রণে থাকে।  

তিনি বলেন, যেহেতু রোগটি পুরোপুরি নিরাময়যোগ্য নয়, তাই প্রতিরোধে সচেতন হওয়াই শ্রেয়। সবাইকে ধূমপানে নিরুৎসাহিত করতে হবে। কলকারখানায় কাজের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা রাখা ও পরিবেশ দূষণ কমিয়ে আনতে হবে।

প্রতি বছর ২০ নভেম্বর বিশ্ব সিওপিডি (ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমানারি ডিজিজ) দিবস পালিত হয়ে থাকে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নো ইয়োর লাঞ্জ ফাঙ্কশন’। বিশ্বব্যাপী ফুসফুস সংক্রান্ত সচেতনতা বাড়াতে ফোরাম অব ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটি দিনটিকে ফুসফুস দিবস হিসেবে ঘোষণা করেছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত