২০ নভেম্বর, ২০২৪ ১০:৩৯ এএম

আজ বিশ্ব সিওপিডি দিবস

আজ বিশ্ব সিওপিডি দিবস
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আজ বুধবার (২০ নভেম্বর) বিশ্ব সিওপিডি (ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমানারি ডিজিজ) দিবস। বিশ্বব্যাপী ফুসফুস সংক্রান্ত সচেতনতা বাড়াতে ফোরাম অব ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটি দিনটিকে ফুসফুস দিবস হিসেবে ঘোষণা করেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালিত হচ্ছে।

চিকিৎসকরা জানান, ফুসফুস মেরুদণ্ডী প্রাণির একটি অঙ্গ, যা শ্বাস-প্রশ্বাসের কাজে ব্যবহৃত হয়। এর প্রধান কাজ হচ্ছে বাতাস থেকে অক্সিজেনকে রক্তপ্রবাহে নেয়া এবং রক্তপ্রবাহ হতে কার্বন ডাই-অক্সাইডকে বাতাসে নিষ্কাশন করা। এই গ্যাস আদান-প্রদান করা হয় বিশেষায়িত কোষ দ্বারা তৈরি এবং খুবই পাতলা দেয়াল বিশিষ্ট লক্ষাধিক বায়ু থলি দ্বারা, যাকে অ্যালভিওলাই বলে। এর শ্বাসকার্য ছাড়া অন্য কাজও আছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশই ফুসফুসের রোগে আক্রান্ত। দেশের প্রায় এক কোটি ১০ লাখ মানুষ অ্যাজমা রোগে ভুগছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, শীর্ষ ৫টি প্রাণঘাতী রোগের মধ্যে রয়েছে সিওপিডি, নিউমোনিয়া, ডায়াবেটিস, হৃদরোগ ও পক্ষাঘাত। এই ৫ রোগের মধ্যে দুটি রোগই হল ফুসফুস সংক্রান্ত। দেশে ফুসফুসের প্রধান রোগগুলোর মধ্যে রয়েছে—সিওপিডি, নিউমোনিয়া, অ্যাজমা, যক্ষ্মা, আইএলডি ও লাং ক্যান্সার।

ফুসফুস রোগের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে—বায়ু, দূষণ, ধূমপান, অতিরিক্ত জনসংখ্যা, দারিদ্র্য ও অসচেতনতা ইত্যাদি।

সারাবিশ্বের মতো বাংলাদেশেও এই রোগে ভোগা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর এই রোগে বিশ্বে কমপক্ষে ৩০ লাখ মানুষ মারা যায় এবং কমপক্ষে ৩০ কোটি মানুষ আক্রান্ত হয়। তবে অভ্যন্তরীণ বায়ু দূষণ হ্রাস করা, জৈব জ্বালানির ক্ষতিকর দিক থেকে মানুষকে রক্ষা করা এবং ধূমপানে মানুষকে নিরুৎসাহিত করার মাধ্যমে এই রোগটি সহজেই প্রতিরোধ করা সম্ভব।

বিশেষজ্ঞরা বলেছেন, আক্রান্ত ফুসফুসের ছোট ছোট বায়ু কুঠুরিগুলো নিষ্ক্রিয়া হয়ে যায় (এমফাইসিমা) অথবা শ্বাসনালীর অংশগুলোর আবরণের ধরন পরিবর্তিত হয়ে বাড়তি মিউকাস নিঃসরণ করে এবং সিলিয়া বা প্রক্ষেপযুক্ত আবরণীয় সংখ্যা কমে যায় (ব্রংকাইটিস)। ফলে দীর্ঘমেয়াদি কাশি, কফ নিঃসরণ ও শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যাগুলো ধীরে ধীরে প্রচ্ছন্ন হয়ে উঠতে থাকে। বয়সের সঙ্গে সঙ্গে সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে এবং এক সময় এমন অবস্থায় পৌঁছায় যে, তখন রোগী নিজের দৈনন্দিন কাজকর্ম করতেও শ্বাসকষ্টে ভোগেন। একই সাথে দানা বাঁধে সিওপিডিজনিত অন্যান্য জটিলতা, যেমন—হৃদরোগ, মাংসপেশির দুর্বলতা, ওজন হ্রাস, বিষণ্ণতা ও ফুসফুসের ক্যান্সার ইত্যাদি নানা ধরনের বাড়তি সমস্যা।

এ সময় শ্বাসতন্ত্রের প্রদাহজনিত এই ব্যাধি থেকে সুরক্ষা পেতে ধোঁয়ামুক্ত চুলা ব্যবহারে উৎসাহ প্রদান এবং ইটভাটার সংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

শীতকালে সিওপিডি আক্রান্তদের রোগের মাত্রা বেড়ে যায় জানিয়ে এটি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছেন তারা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক