০৫ নভেম্বর, ২০২৪ ০৩:৩৫ পিএম

ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিট: পরবর্তী শুনানি ১০ নভেম্বর

ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিট: পরবর্তী শুনানি ১০ নভেম্বর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নামের আগে ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের ওপর শুনানির জন্য আগামী রোববার (১০ নভেম্বর) দিন ঠিক করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চে দুই দফা শুনানি শেষে পরবর্তী দিন ঠিক করে আদালত।

৬৯তম শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার এরশাদ। ডিএমএফ ডিগ্রিধারী সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার’র (স্যাকমো) পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির।

এর আগে দুপুর ১টায় উভয়পক্ষের শুনানি হয়। মাঝখানে কিছু সময়ের বিরতির পর দুপুর ২টায় দ্বিতীয় দফা শুনানি হয়।

পরে বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে অধিকতর শুনানির জন্য আগামী ১০ নভেম্বর দিন ঠিক করে আদালত।

২০১৩ সালে ডিএমএফ ডিগ্রিধারীদের কয়েকজন নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য আদালতে রিট দায়ের করেন।

এ আবেদনকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইনের পরিপন্থী উল্লেখ করে চিকিৎসকরা বলেন, সংস্থাটির আইন অনুযায়ী, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কারও ডাক্তার পদবি ব্যবহার করার অধিকার কারও নেই।

এর আগে গত ৩ নভেম্বর এই রিটের ওপর শুনানির দিন ধার্য করে হাইকোর্ট। তবে সেদিন ৬৮তম বারের মতো পেছানো হয়।

চিকিৎসকদের অভিযোগ, ‘ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার ব্যবহার করে চিকিৎসা প্রদানের মাধ্যমে জনগণকে প্রতারিত করা হচ্ছে। এতে অবাধে শক্তিশালী এন্টিবায়োটিকগুলো ব্যবহৃত হচ্ছে, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এ দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি বিশাল হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে, অবাধে স্টেরয়েড নামক ওষুধ ব্যবহার হচ্ছে, যা জনস্বাস্থ্যের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে, অনেক জটিল রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ রকম অসংখ্য অপচিকিৎসার শিকার হচ্ছে এই দেশের শের জনসাধারণ, যা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার অন্যতম কারণ।’

চিকিৎসকদের সমন্বিত উদ্যোগ ইউমবের সমন্বয়ক ডা. মোবারক হোসাইন মেডিভয়েসকে বলেন, বাদী ও বিবাদী উভয়পক্ষের আইনজীবীর কথা শুনেছেন বিচারপতি। তিনি হয় তো সিদ্ধান্তমূলক কিছু বলতেন। কিন্তু অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি মামলায় সম্পৃক্ততা থাকায় বাদীপক্ষের আইনজীবী সময় চেয়েছেন। 

অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, ১৩ বছর যেটা নিয়ে অপেক্ষা করা গেছে, সেটার জন্য তিন দিন অপেক্ষা করতে তো সমস্যা নেই। এই আরজির পরিপ্রেক্ষিতে বিচারপতি সময়টি পিছিয়েছেন। বিচারপতি বলেছেন, আগামী রোববার প্রথম এই রিটের শুনানি হবে।

ডা. মোবারক আরও হোসাইন ‘আমরা আশা করি, ওই দিনই এর নিষ্পত্তি হবে। এর মাধ্যমে কেউ পরাজিত হবে না, বরং স্বাস্থ্য ব্যবস্থা জিতে যাবে। ন্যায় জিতে যাবে, আইন জিতে যাবে।’

ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস-এ সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন মেডিভয়েসকে বলেন, ‘গত ১৩ বছরে যে রিটের শুনানি হয়নি, আজ ৫ নভেম্বর সেই রিটের শুনানি হয়েছে। এর পূর্ণ কৃতিত্ব আন্দোলনরত চিকিৎসক-শিক্ষার্থী, সব চিকিৎসক সংগঠনগুলোর। সবার আন্তরিক প্রচেষ্টায় এই রিটের শুনানি নিশ্চিত হলো। শুনানিতে বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেছেন বিচারপতি। তিনি এর সর্বোচ্চ যৌক্তিক সমাধানের চেষ্টা করছেন। আমরা আশা করছি, দ্রুত এর সমাধান হবে। যেহেতু পরিপূর্ণ সমাধান পাইনি, তাই আমরা রাজপথ ছাড়ছি না।’

সরকারি কর্মচারী হাসপাতাল ফিজিকেল মেডিসিনের বিভাগীয় প্রধান ও ফিজিক্যাল মেডিসিন সোসাইটি, বাংলাদেশের কোষাধ্যক্ষ ডা. মুহিবুর রহমান রাফে মেডিভয়েসকে বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কিছু বিষয় স্পষ্ট যে, স্বাস্থ্যের প্রত্যেকটি পেশার নিজস্ব সত্ত্বা আছে, যা নির্দিষ্ট কোড দিয়ে সংজ্ঞায়িত করা। সেখানে চিকিৎসক একটি পেশা, প্রিফিক্স না; নার্স একটি পেশা, কোনো প্রিফিক্স না। একইভাবে প্যারামেডিক্স, ফিজিও থেরাপি, মিডওয়াইফারি একেকটি ভিন্ন ভিন্ন পেশা। সুতরাং নামের পূর্বে যুক্ত করলেই এক পেশার ব্যক্তি অন্য পেশার হয়ে যান না। শুনানিতে সাম্যের প্রশ্ন এসেছে, এখানে এটি একেবারেই অমূলক। যে যোগ্যতা ও সিলেবাস নিয়ে চিকিৎসক হতে হয়, যে কার্যপরিধি সামনে রেখে তারা শপথ নেন, তাদের থেকে মেডিকেলের অন্য পেশাগুলোর কর্মক্ষেত্র আলাদা। সুতরাং প্রত্যেকেই তাদের কর্মক্ষেত্রে আত্মপরিচয় নিয়ে কাজ করলে নিজ পেশাকে উচ্চকিত করতে পারবেন, সম্মানিত করতে পারবেন। এ দৃষ্টিভঙ্গি থেকে চিকিৎসকরা তাদের পেশাকেই সমুন্নত রাখতে চায়।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডাক্তার পদবি ব্যবহার নিয়ে রিট
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক