০২ নভেম্বর, ২০২৪ ০৮:৩৭ পিএম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুষ্টিয়া মেডিকেল কলেজ সভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুষ্টিয়া মেডিকেল কলেজ সভাপতি গ্রেপ্তার
নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে আকাশ আহমেদ। ইনসেটে গ্রেপ্তারের পরের ছবি। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কুষ্টিয়া মেডিকেল কলেজ শাখার সভাপতি আকাশ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে জেলা শহরের পেয়ারাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।

রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক চৌধুরী মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, পাঁচ আগস্টের একটি মামলায় আকাশ আহমেদ নামে নিষিদ্ধ সংগঠনের একজনকে শহরের পেয়ারাতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই এলাকার একটি ছাত্রাবাসে থাকতেন।

তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা রয়েছে উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা জানান, আকাশকে ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আকাশ মেডিকেলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি ফাইনাল প্রফের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি কুষ্টিয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় সংসদ। ১৬ সদস্যের ওই কমিটির সভাপতি করা হয় আকাশ আহমেদকে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর গণহত্যার প্রতিবাদে সভাপতি-সম্পাদক বাদে ১৪ সদস্য পদত্যাগ করেন।

ওই সময় পদত্যাগকৃতদের ‘আদর্শের ঘাটতি রয়েছে’ উল্লেখ করে গণমাধ্যমে বক্তব্য দেন আকাশ আহমেদ। তিনি বলেন, সংগঠনে কিছু ব্যক্তির আদর্শের ঘাটতি থাকতেই পারে। তারা সম্ভবত এই সংকটকালীন সময়টাকে মেনে নিতে পারছেন না। জামায়াত-বিএনপির যেমন অনেক সাধারণ শিক্ষার্থীকে প্রভাবিত করে, একইভাবে তারাও প্রভাবিত হয়ে থাকতে পারেন। তবে আমাদের সক্ষমতা আছে এই কমিটি নিয়েও ছাত্রলীগের কার্যক্রম চালিয়ে যাওয়ার।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কুষ্টিয়া মেডিকেল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত