শাহবাগে মেস থেকে চিকিৎসকের লাশ উদ্ধার
মেডিভয়েস রিপোর্ট: রাজধানী শাহবাগে একটি মেস বাসা থেকে এ বি এম আবিদ হাসান জিসান (২৬) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) দুপুরে হাবিবুল্লাহ রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সূত্রে জানা গেছে, কুষ্টিয়া মেডিকেল কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জিসান এমবিবিএস সম্পন্ন করার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি কয়েকজন সহকর্মীর সঙ্গে হাবিবুল্লাহ রোডের ওই বাসায় থাকতেন।
তার রুমমেট ডা. দীপ্ত সিংহ দুপুরে বাসায় ফিরে তাকে সংজ্ঞাহীন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ডা. দীপ্তর বরাতে কুষ্টিয়া মেডিকেল থেকে পাস করা একাধিক চিকিৎসক মেডিভয়েসকে জানিয়েছেন, জিসান অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের রোগী ছিল। এটা থেকে তার স্ট্রোক হতে পারে।
জিসানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার পলাশপুরে। তার বাবার নাম আহসান হাবিব।
তিনি চুয়াডাঙ্গা ভিজে সরকারি স্কুল অ্যান্ড এসএসসি ও সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এর পর ভর্তি হন কুষ্টিয়া মেডিকেল কলেজে।
এমইউ/