সব মেডিকেল কলেজে ভাসকুলার সার্জন পদ সৃষ্টির দাবি চিকিৎসকদের
মেডিভয়েস রিপোর্ট: দেশের সবগুলো মেডিকেল কলেজ হাসপাতালে ভাসকুলার সার্জন পদ সৃষ্টির দাবি জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। জাতীয় রক্তনালি দিবস উপলক্ষে বাংলাদেশ ভাসকুলার সোসাইটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সারাদেশে ভাসকুলার সার্জনদেরকে ছড়িয়ে দিতে হবে উল্লেখ করে সোসাইটির মহাসচিব ডা. সাকলায়েন রাসেল সংবাদ সম্মেলনে বলেন, দেশের বড় বড় হাসপাতালগুলোতে ভাসকুলার সার্জন নেই। সারাদেশে সেবা দান করার জন্য অনেক ভাসকুলার সার্জন রয়েছেন, কিন্তু সরকারের কাছে পদ নেই। তবে মেডিকেল কলেজগুলোতে যদি ভাসকুলার সার্জনদেরকে পদায়ন করা যায়, তাহলে রোগীরা দ্রুত সেখানে সেবা পাবেন।
তিনি বলেন, সরকারের কাছে আমরা আবেদন করতে চাই, ভাসকুলার সার্জনের পদ সৃষ্টি করে আপনারা দ্রুত রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করুন। এছাড়া যতগুলো পঙ্গু হাসপাতাল রয়েছে সেখানেও একজন করে ভাসকুলার সার্জনের পদায়ন নিশ্চিত করতে হবে।
হাত-পায়ে ঘা, কোনো ধরনের ইনফেকশন, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে হঠাৎ করে হাত পা ঠান্ডা হয়ে তীব্র ব্যথা হলে দ্রুত একজন ভাসকুলার সার্জনের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে ডা. সাকলায়েন রাসেল বলেন, একজন মানুষের পা কেটে ফেললে পাঁচ বছরের মধ্যে তার মৃত্যুর ঝুঁকি বেড়ে দাঁড়ায় প্রায় ৫০ ভাগ। আমাদের হাত এবং পায়ের সুস্থতা অত্যন্ত জরুরি। আমাদের হাত এবং পাগুলো সুস্থ না থাকলে পুরো দেহ অচল হয়ে যেতে বাধ্য, এমনকি আমাদের জীবনও বিপন্ন হতে পারে। তাই আমরা স্লোগান নির্ধারণ করেছি আপনার হাত এবং পাকে রক্ষা করুন তাহলে আপনার জীবন বাঁচবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবুল হাসান মুহম্মদ বাশার ও ডা. বজলুল করিম ভুঁইয়া উপস্থিত ছিলেন।
এনএআর/
-
৩০ ডিসেম্বর, ২০২৩