আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে থাই মেডিকেল টিম ঢাকায়
মেডিভয়েস রিপোর্ট: ছাত্র-জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে গুরুতর আহতদের চিকিৎসা পরামর্শ দিতে থাইল্যান্ডের ছয় সদস্যদের মেডিকেল টিম ঢাকায় এসেছেন।
বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে (নিন্স) রোগীদের দেখেছেন তাঁরা।
নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান গণমাধ্যমকে জানান, ‘থাইল্যান্ডের চিকিৎসকরা ৫৭ জন রোগীকেই দেখেছেন। এদের মধ্যে ১৫ জন গুরুতর আহত রোগীর স্নায়ু এবং জয়েন্টের আঘাতের ওপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নার্ভের আঘাতের রোগীর জন্য তাদের পরিকল্পনা হলো অপেক্ষা করা এবং তদন্তের মাধ্যমে চার সপ্তাহের ব্যবধানে পর্যবেক্ষণ করা। রিপোর্টের ওপর নির্ভর করে পরবর্তী অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাকি রোগীদের সম্পর্কে তারা আমাদের চলমান চিকিৎসা প্রোটোকলের সঙ্গে একমত।’
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. মো. বদরুল আলম বলেন, ‘থাইল্যান্ড থেকে আসা চিকিৎসক দল আমাদের হাসপাতালে সাতজন গুরুতর আহত রোগীকে দেখেছে। চিকিৎসক দল বলেছে, আজ (বৃহস্পতিবার) তারা প্রত্যেক রোগীর প্রতিবেদন দেবে। এ ছাড়া সামগ্রিকভাবে তারা আমাদের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট।’
-
০১ ডিসেম্বর, ২০২৫
-
১১ জানুয়ারী, ২০২৫
-
৩১ অক্টোবর, ২০২৪
-
২৩ অক্টোবর, ২০২৪
-
২২ সেপ্টেম্বর, ২০২৪
-
০৪ জুলাই, ২০২৩
-
১৬ জুন, ২০২৩