১৯ অক্টোবর, ২০২৪ ০৬:২০ পিএম

সিওমেকে তিন ‘ফ্যাসিবাদের দোসরের’ পদায়ন, শিক্ষার্থীদের বিক্ষোভ

সিওমেকে তিন ‘ফ্যাসিবাদের দোসরের’ পদায়ন, শিক্ষার্থীদের বিক্ষোভ
অধ্যাপক ডা. সাইফুল হক, অধ্যাপক ডা. আলোক কুমার রাহা ও অধ্যাপক ডা. আহমেদ হোসেন চৌধুরী (হারুন)। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিলেট ওসমানী মেডিকেল কলেজে (সিওমেক) ‘ফ্যাসিবাদের দোসর’ তিন অধ্যাপকের পদায়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই সাথে তাদের যোগদান করতে না দিয়ে অব্যাহতির দাবি জানিয়েছেন তারা।

পদায়নকৃত তিন অধ্যাপক হলেন চট্রগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সাইফুল হক, হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আলোক কুমার রাহা এবং ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আহমেদ হোসেন চৌধুরী (হারুন)।

আজ শনিবার (১৯ অক্টোবর) মেডিকেল ক্যাম্পাসে সিওমেক বৈষম্যবিরোধী শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্তী বরাবর একটি স্মারকলিপিও দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে, গত ১৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. সাইফুল হক ও অধ্যাপক ডা. আলোক কুমার রাহা এবং ১৭ অক্টোবর অধ্যাপক ডা. আহমেদ হোসেন চৌধুরীকে সিওমেকে বদলির আদেশ দেওয়া হয়।

অধ্যক্ষ বরাবর শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, ‘দীর্ঘ ষোল বছরের ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন থেকে আপামর জনসাধারণের মুক্তির বৈষম্যবিরোধী আন্দোলনে বিরোধিতাকারী ও শান্তি সমাবেশের অগ্রগামী অধ্যাপক ডা. আহেমদ হোসেন চৌধরী, অধ্যাপক ডা. সাইফুল হক, অধ্যাপক ডা. আলোক কুমার সাহার মত নৈতিকতা বিবর্জিত চিকিৎসকদের সিওমেকে যোগদান পুন্যভূমি সিলেট এবং সিওমেককে কলঙ্কিত করবে।’

এতে আরও বলা হয়, ‘সিওমেকের সাধারণ শিক্ষার্থীরা এই যোগদান বাতিলের জোর দাবি জানাচ্ছে। অনতিবিলম্বে দাবি বাস্তবায়িত না হলে সাধারণ শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। অতএব, আপনার নিকট আবেদন, ফ্যাসিস্ট অধ্যাপকদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদানের লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করবেন।’

বিক্ষোভকালে শিক্ষার্থীরা বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা এখনও আমাদের ক্যাম্পাসের এখানে-সেখানে ঘোরাফেরা করে। তা ছাড়া অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ফ্যাসিবাদের দোসরদের সকল ধরণের প্রশাসনিক কার্যক্রম, ক্লাস এবং ক্যাম্পাসে অবাঞ্চিত করে বদলি করার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু এতদিনেও তাদের বদলি করা হয়নি। এখন আবার বাইরে থেকে ফ্যাসিবাদের দোসরদের নিয়ে আসা হচ্ছে এই ক্যাম্পাসে।’

তাদের যোগদানের সুযোগ দিলে ক্লাস বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা। বিক্ষোভকালে ‘খুনী হাসিনার দোসররা, হুঁশিয়ার সাবধান’, ‘সিওমেকের মাটিতে খুনীদের ঠাঁই নাই’, ‘আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন তারা।

মেডিসিন বিশেষজ্ঞ ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. মুহিবুর রহমান মেডিভয়েসকে বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের যোগদান মেনে নেওয়া হবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অপারগ মর্মে চিঠি দিতে বলা হয়েছে অধ্যক্ষকে।’

ইন্টার্ন চিকিৎসক ডা. ইমদাদ হাসান বলেন, ‘ফ্যাসিবাদের এসব দোসরকে শাস্তিস্বরূপ ওসমানী মেডিকেলে বদলি করা হয়েছে। কিন্তু পূণ্যভূমি সিলেটের মাটিতে পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিবাদের দোসরের ঠাঁই হবে না।’

সিওমেকের ৫ম বর্ষের শিক্ষার্থী মোস্তাহিদুল ইসলাম গালিব বলেন, ‘যে তিনজনকে ওসমানী মেডিকেল পদায়ন করা হয়েছে, তারা পতিত ফ্যাসিবাদী শেখ হাসিনার দোসর হিসেবে ঢামেক ও চমেকে সক্রিয় ছিল। আমরা সিওমেকে তাদের যোগদান মেনে নিব না। তারা যোগদান করলে আমরা ক্লাস বর্জন করব। এ ছাড়া ফ্যাসিবাদের যেসব দোসর এখনও সিওমেকে আছে, তাদেরও দ্রুত বদলি অথবা অব্যাহতি প্রদান করতে হবে।’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিলেট ওসমানী মেডিকেল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত