পটুয়াখালী মেডিকেলের চিকিৎসক রিজওয়ানকে বদলি
মেডিভয়েস রিপোর্ট: পটুয়াখালী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের আলোচিত সমালোচিত সহযোগী অধ্যাপক ডা. মো. রিজওয়ানুল করিমকে বদলির সুপারিশ করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক সুপারিশপত্রে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘পটুয়াখালী মেডিকেলের ছাত্র-ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির তদন্ত স্বাপেক্ষে ডা. মো. রিজওয়ানুল করিম (ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, সংযুক্ত পটুয়াখালী মেডিকেল কলেজ) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকায় জরুরি ভিত্তিতে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে অন্যত্র বদলি করি এই মেডিকেল কলেজে শিক্ষার পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।’
শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ডা. মো. রিজওয়ানুল করিম শিক্ষার্থীদের উপর হামলার ইন্ধন দিয়েছেন এবং সরাসরি শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সেইসঙ্গে তিনি কথায় কথায় শিক্ষার্থীদেরকে বিভিন্ন ট্যাগ দিয়েছেন। ডা. রেজওয়ান করিম শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন।
শিক্ষার্থীরা আরও বলছেন, শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষককে পটুয়াখালী মেডিকেলে আর দেখতে চান না তাঁরা।
এসব অভিযোগের বিষয়ে ডা. রিজওয়ানুল করিমের কাছে ফোন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই।’
এসএইচ
-
২৫ অগাস্ট, ২০২৪
-
২৪ সেপ্টেম্বর, ২০২৩
-
২০ অগাস্ট, ২০২৩
-
০৬ জুন, ২০২৩