হলি ফ্যামিলি মেডিকেলে আধুনিক ড্রাইল্যাব উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ড্রাইল্যাব উদ্বোধন করা হয়েছে। এতে আধুনিক চিকিৎসা শিক্ষার পাশাপাশি চিকিৎসা সেবায়ও প্রতিষ্ঠানটি একধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
আজ শনিবার (২৭ জুলাই) সকালে ঢাকার ইস্কাটনে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই ড্রাইল্যাব উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এমইউ কবীর চৌধুরী।
উদ্বোধনকালে ডা. এমইউ কবীর চৌধুরী বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ এবং হাসপাতালকে সেই স্তরে উন্নীত করার সব প্রচেষ্টা আমার থাকবে। স্বাস্থ্যসেবায় সরকারের নীতি ও উদ্দেশ্যের সঙ্গে এক হয়ে আমরা এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেব।
তিনি বলেন, বিশ্বমানের চিকিৎসক তৈরি করে বিশ্বমানের চিকিৎসাসেবা আমরা নিশ্চিত করতে চাই। এই লক্ষ্যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখে কাজ করে যাব।
এ সময় আলোচকরা বলেন, অত্যাধুনিক এই ড্রাইল্যাবের ফলে ছাত্র-ছাত্রীরা শিক্ষা ও গবেষণায় উপকৃত হবে। একই সঙ্গে চিকিৎসা সেবায় বাস্তব জ্ঞান নিয়ে জনগণের সেবা দিতে পারবে তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. দৌলতুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া কলেজ গভর্নিং বডির সব সদস্যসহ অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদার ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মোর্শেদ প্রমুখ।
এনএআর/