রোববার থেকে সরকারি-বেসরকারি অফিস খুলছে ৯টায়
মেডিভয়েস রিপোর্ট: আগামীকাল রোববার (২৮ জুলাই) থেকে সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আজ শনিবার (২৭ জুলাই) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। মঙ্গলবার পর্যন্ত এই সূচি চলবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এ ছাড়া সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে বলেও জানানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে।
এর আগে বর্ধিত চার দিনের সরকারি ছুটির পর গত বুধবার থেকে খুলেছে সরকারি-বেসরকারি সব অফিস। তবে সকাল ৯টার পরিবর্তে অফিস শুরু হয়ে বেলা ১১টা থেকে এবং বিকেল ৫টার পরিবর্তে অফিস চলে বিকেল ৩টা পর্যন্ত। একই সাথে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল করা হয় কারফিউ।
প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ২০ জুলাই রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সে দিন মধ্য রাতে মাঠে নামে সেনাবাহিনী। গত ২১ জুলাই থেকে সব ধরনের অফিস ও গার্মেন্টস বন্ধ ঘোষণা করে জারি করা হয় সাধারণ ছুটি। বুধবার থেকে সীমিত পরি খোলে সরকারি-বেসরকারি অফিস।
এর আগে আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে এখন পর্যন্ত ২০৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
অফিসের নতুন সময়সূচির পাশাপাশি ছুটির অন্যান্য শর্তগুলো আগের মতোই থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
অর্থাৎ জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।
এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।
সেই সঙ্গে জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে।
এনএআর/
-
১৬ জুলাই, ২০২৪