১৬ জুলাই, ২০২৪ ০৩:৪৭ পিএম

কোটা সংস্কার দাবি: বিভিন্ন মেডিকেলে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কার দাবি: বিভিন্ন মেডিকেলে শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছেন সারাদেশের মেডিকেল শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছেন সারাদেশের মেডিকেল শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকেই স্ব স্ব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেন তারা। রাস্তায় নেমে সড়কও অবরোধ করা হয়েছে কোথাও কোথাও। এ পর্যন্ত প্রায় ৩০টি মেডিকেল ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের খবর পাওয়া গেছে।

সমাবেশ থেকে কোটা সংস্কারের পাশাপাশি ঢাকা, জাহঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানানো হয়।

এদিকে আন্দোলন শুরুর পর রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও নওগাঁ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে এই হামলা হয়।

একাধিক সূত্রে জানা গেছে, আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীরা সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাস থেকে বের হন। এর কিছুক্ষণের মধ্যে ১১টা ৫১ মিনিটে তাদের ওপর প্রথম হামলা হয়। এরপর তারা ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকেন। তখন দ্বিতীয় দফায় সাড়ে ১২টার দিকে তাদের ওপর হামলা চালানো হয়। 

হামলায় এক নারী শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। অনেকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অনেককে ইতিমধ্যে ছাত্রাবাসে নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, নারীদের ছাত্রাবাসে ঢুকে আরও ভয়াবহ হামলা এবং যৌন হয়রানির হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

বিক্ষোভ হয়েছে মুগদা মেডিকেল কলেজে। সকালে ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা কোটাবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।

একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। পরে তারা মিরপুর সড়ক অবরোধ করেন। কোটা ব্যবস্থা সংস্কারের পাশাপাশি ছাত্রদের উপর হামলাকারীদের শাস্তি দাবি করেন তারা।

এ ছাড়া রাজধানীতে বাংলাদেশ মেডিকেল কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ এবং সাভারের এনাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন।

এর বাইরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

কোটা সংস্কার চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ, বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও বরিশাল সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরাও।

রাস্তা অবরোধ করে আন্দোলন করেছেন ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। এ সময় তারা কোটা ব্যবস্থার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। তাদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

বিক্ষোভ মিছিল হয়েছে রাজশাহী বিভাগের বেশ কয়টি মেডিকেলেও। সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ক্যাম্পাসে। এ সময় তারা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ৫৬ শতাংশ কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নামিয়ে নিয়ে দাবি তুলে ধরেন তারা। এ ছাড়া সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ জানান তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাদের অভিযোগ, ছাত্রলীগ কর্মী ও বহিরাগতরা তাদের ওপর এই হামলার ঘটনা ঘটিয়েছে।

এ ছাড়া জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, রংপুর বিভাগে রংপুর মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, রংপুর প্রাইম মেডিকেল কলেজ ও দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, খুলনা বিভাগে যশোর মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং সিলেট বিভাগে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন।

বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। আজ সকালে চমেকের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদ জানান।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কোটা সংস্কার দাবিতে আন্দোলন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক