২১ জুন, ২০২৪ ০৩:০৮ পিএম

চিকিৎসায় কোনো অবহেলা আমি মেনে নেব না: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসায় কোনো অবহেলা আমি মেনে নেব না: স্বাস্থ্যমন্ত্রী
বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসায় কোন নেগ্লেজেন্সি বা অবহেলা আমি মেনে নিব না। মানুষের জীবন কিন্তু একটাই। চলে গেলে আর আসে না। বৃহস্পতিবার (২০ জুন) সরজমিনে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় ডা. সামন্ত লাল সেন বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবার পর আমি ঠিক করেছি আমি নিজে সরজমিনে দেশের স্বাস্থ্যব্যবস্থা দেখব। এরই ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ পরিদর্শন শেষে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে এসেছি। বুধবারও আমি তিনটা হাসপাতাল পরিদর্শন করেছি।

তিনি বলেন, ল্যাবএইডে যারা চিকিৎসা দিচ্ছেন এবং চিকিৎসা নিচ্ছেন উভয়ের সঙ্গে কথা বলেছি। এন্ডোসকপি, আলট্রাসনোগ্রাফি এসব একসঙ্গে ৭০টা না করে, সংখ্যায় কম হলেও যাতে মানসম্মত ভাবে করে। কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটির দিকে নজর দিয়ে এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আরও যত্নশীল হতে হবে।

গরিব রোগীদের জন্য চিকিৎসা সেবা নেয়া যাতে সম্ভব হয় তাই প্রতিটি বড় হাসপাতালে যেন গরীব রোগীদের একটা পার্সেন্টেজ থাকে সেই আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এসময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. মঈনুল আহসান বলেন, রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি না জেনেই সিটিস্ক্যান করার অভিযোগ রয়েছে। এ ছাড়া এই হাসপাতালে একদিনে একজন চিকিৎসক ৭০টি এন্ডোসকপি করানোর রেকর্ডও মিলেছে বলে জানান তিনি।

এনএএন/

  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যমন্ত্রী