বিএমডিসি ছাড়া ‘ভুল চিকিৎসা’ বলার অধিকার কারো নেই: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘ভুল চিকিৎসা বলার অধিকার কারও নাই, আমারও নাই। বাংলাদেশে একমাত্র ভুল চিকিৎসা বলার অধিকার রাখে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসকদের উপর যে আক্রমণ হয়, তা ন্যক্কারজনক। ভুল চিকিৎসার নাম করে চিকিৎসকদের মারধর, বিশেষ করে মেয়ে চিকিৎসকদের উপর আক্রমণ মেনে নেওয়া যায় না৷’
আজ বুধবার (০১ মে ) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে (নিন্স) অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক এবং ২য় এসিএনএস-বিএসএনএস হাইব্রিড কনফারেন্স ও ক্যাডাভেরিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতার কথা তুলে ধরে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের চিকিৎসকদের মেধা ও দক্ষতা বিশ্বের যেকোনো দেশের চিকিৎসকদের চেয়ে কম না৷ আমরা যে জোড়া মাথার জমজ শিশু রোকেয়া-রাবেয়ার অপারেশন করলাম, যদিও সেখানে হাঙ্গেরির চিকিৎসকরা ছিলেন, কিন্তু সেই অপারেশনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আমাদের দেশের নিউরোসার্জনরা। প্রথম যখন ঢাকা মেডিকেল কলেজে বাচ্চা দুটির এন্ড্রোভাস্কুলার সেপারেশন হয়, সেই রাতের ৩-৪টা পর্যন্ত আমি নিজের চোখে দেখেছি, আমাদের এনেস্থেটিক এবং নিউরোসার্জনদের ইচ্ছা, দক্ষতা এবং সামর্থ্য, যা আমাকে বিস্মিত করেছে।’
তরুণ চিকিৎসকদের আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে আমরা এমন এক জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে দেশের মানুষ চিকিৎসক সমাজকে সম্মান করে। আমরা যদি সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মনোযোগ দিয়ে সার্ভিস দিই, রোগীদের সেবা দিই, তাহলে মানুষ সম্মান করবে। আমাদের তো কোনো কিছুর অভাব নেই৷ আমাদের মেধা আছে। সেই মেধা দিয়ে তোমরা সর্বোচ্চ সেবা দাও, তোমাদের সুরক্ষা আমি দিব৷ ডাক্তার হিসেবে তোমাদের প্রতি এটাই আমার প্রতিশ্রুতি।’
বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্সের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, নিন্সের যুগ্ন পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম প্রমুখ।
এসএইচ/এএনএম
-
১৫ জুলাই, ২০২৪
-
০৯ জুলাই, ২০২৪
-
০২ জুন, ২০২৪