২৭ জুন, ২০২৪ ০৪:৫৫ পিএম

রাসেল’স ভাইপার নিয়ে ভুল তথ্য না ছড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

রাসেল’স ভাইপার নিয়ে ভুল তথ্য না ছড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অ্যান্টিভেনম প্রচুর রয়েছে। না থাকলেও আমরা আনবো, কিন্তু কোনোভাবেই সংকট হতে দেবো না।’ ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে সাপের বিষের অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমাণে মজুত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। একইসাথে অ্যান্টিভেনম নিয়ে ভুল তথ্য না ছড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিএসএমএমইউয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ‘রাসেল’স ভাইপার: ফিয়ার অ্যান্ড ফ্যাক্টস’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন। এতে প্রধান অতিথি ছিলেন ডা. সামন্ত লাল সেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অ্যান্টিভেনম প্রচুর রয়েছে। না থাকলেও আমরা আনবো, কিন্তু কোনোভাবেই সংকট হতে দেবো না।’

তিনি বলেন, ‘সাপে কাটার পর দ্রুত রোগীকে হাসপাতালে আনতে হবে। তাহলেই মৃত্যু এড়ানো যাবে। সাপে কাটা ব্যক্তিদের তো আর চিকিৎসকরা হাসপাতালে আনতে পারবে না। তাই এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে।’

অধ্যাপক ডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘যেভাবে চিকিৎসকরা কাজ করছেন, আশা করি রাসেলস ভাইপার আতঙ্ক কেটে যাবে। এ সংকট থেকে আমরা শিগগির উত্তীর্ণ হবো।’

সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কাজী দীন নূরুল হক বলেন, ‘মিডিয়ার বদৌলতে সাপ নিয়ে দেশের মানুষ অত্যন্ত আতঙ্কগ্রস্ত। আমার স্ত্রী আমাকে বলে বাথরুম ভালো করে দেখে নিতে। ওদিক দিয়ে নাকি সাপ ওঠে।’

হাসপাতালে অ্যান্টিভেনম প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, ‘কপালে যদি সাপে কাটা থাকে, তাহলে কাটবেই। এটা নিয়ে চিন্তার কিছু নেই।’

উপজেলা পর্যায়েও এন্টিভেনমের কোনো সংকট নেই দাবি করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিঞা বলেন, ‘হাসপাতালে দেরিতে আসা ও অপচিকিৎসা সাপে কাটায় মৃত্যুর বড় কারণ। সাপে কাটা কেউ হাসপাতালে এসে মারা গেলে দায়ভার আমাদের।’

স্বাস্থ্য অধিদপ্তরের (প্রশাসন) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, ‘দেশে ৮০ প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে ১২ প্রজাতির বিষধর। দংশনের ৩০ শতাংশের ক্ষেত্রে বিষ ঢালে সাপ। মিডিয়ার মাধ্যমে সাপের বিরুদ্ধে বিপ্লব ঘটাতে গিয়ে বিপদ ডেকে আনছি আমরা। তাই সাপের বিরুদ্ধে বিপ্লব না করে যথাযথ চিকিৎসা নিতে হবে। সাপ ইকোলজির জন্য ইতিবাচক। জোরে বা মাটিতে কম্পন করে হাঁটলে সাপ দূরে চলে যাবে বলেও জানান তিনি।’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক