চিকিৎসায় গাফলতি হলে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসাসেবা দিতে কোনো গাফলতি হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গরীব মানুষ ঢাকায় এসে কেমন বিড়ম্বনার শিকার হয় তা আমি জানি। গ্রামে কেন চিকিৎসক থাকতে চায়না তা খুঁজে বের করা হবে। রোগীর সুচিকিৎসার পাশাপাশি আমাকে চিকিৎসকদের নিরাপত্তার কথাও ভাবতে হবে। সব চিকিৎসক বাংলাদেশে কিন্তু খারাপ না, ভালো চিকিৎসকও আছেন। সুতরাং আমি যেমন চিকিৎসকদেরকে সুরক্ষা দেব আবার রোগীদেরও সুরক্ষা দেব।’
পরে মন্ত্রী কুমুদিনী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা ঠিকমতো মতো হচ্ছে কিনা এসময় তার খোঁজখবর নেন। পরিদর্শনকালে কুমুদিনীর ব্যবস্থাপনা ও ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ভূয়সী প্রশংসা করেন।
এর আগে সকালে মন্ত্রী কুমুদিনী হাসপাতালে পৌঁছালে তাকে অভিবাদন জানান, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, ভারতেশ্বরী হোমসের পরিচালক সস্পা সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, কুমুদিনী হাসপাতালের পরিচালক প্রদীপ কুমার রায়, সহকারি পরিচালক ডা. আলী আহসান, জিএম অনিমেষ ভৌমিক, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম।
এ সময়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।